চাঁদপুরে বিএনপি প্রার্থীকে সমর্থন জাতীয় পার্টির

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিককে ধানের শীষ মার্কার সমর্থনে মতবিনিময় সভার আয়োজন করেছে জেলা জাতীয় পার্টি।

গতকাল রবিবার সকালে শহরের বিপনীবাগ পৌর সুপার মার্কেটের সামনে এই মতবিনিময় সভা হয়। এতে সভায় বক্তব্য দেন বিএনপির মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি বক্তব্যে বলেন, তারেক রহমান আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। সেই দিনের অপেক্ষায় রয়েছে বাংলাদেশের জনগণ। আগামী ১২ ফেব্রুয়ারি চাঁদপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। জাতীয় পার্টিও চায় আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসুক।

চাঁদপুর জেলা জাতীয় পার্টির সহসভাপতি ও পৌর জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ সিরাজুল ইসলাম সিরু মিজির সভাপতিত্বে এবং সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ও পৌর জাতীয় পার্টির সদস্য সচিব মো. ফেরদৌস খাঁনের পরিচালনায় বক্তব্য দেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাকির হোসেন হিরু, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক গোলাম নবী লিটন, দপ্তর সম্পাদক শাহজাহান মাতাব্বর, যুববিষয়ক সম্পাদক হান্নান ঢালী, জেলা স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব কামরুল ইসলাম, জেলা মহিলা পার্টির সদস্য সচিব শাহিনা স্বপ্না, হাইমচর উপজেলা জাতীয় পার্টির সভাপতি সিরাজ সর্দার, সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ, রামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আলম তালুকদার।

এ সময় পৌর বিএনপি সভাপতি আক্তার হোসেন মাঝি, জেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, সাংগঠনিক সম্পাদক মুনীর চৌধুরী, হাজি মোশাররফ হোসেন, যুগ্ম সম্পাদক সেলিমুস সালাম, আফজাল হোসেন, প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশসহ অন্যরা উপস্থিত ছিলেন।