নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টায় প্রশাসনিক ভবনের সামনে উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ জাতীয় পতাকা এবং রিজেন্ট বোর্ডের সদস্য অধ্যাপক ড. এইচ এম জাকির হোসেন বিশ^বিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করেন। পরে প্রধান ফটক থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রা শেষে আলোচনা সভা, বেলুন ওড়ানো ও কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন যবিপ্রবির উপাচার্য।
এরপর যবিপ্রবি উপাচার্য ও গোপালগঞ্জ বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখরসহ উপস্থিত অন্য অতিথিরা জুলাই কর্নার উদ্বোধন করেন। উদ্বোধন শেষে অতিথিদের সঙ্গে নিয়ে যবিপ্রবি উপাচার্য বিভিন্ন বিভাগের পিঠা উৎসবের স্টল, পথ আল্পনাগুলো ও পোস্টার প্রেজেন্টেশন পরিদর্শন করেন। স্টলগুলোয় নানা ধরনের বাহারি আকৃতি ও ঋতুবৈচিত্র্য অনুযায়ী সুস্বাদু পিঠার পসরা দেখে সবাই চমৎকৃত হন।
বিশ^বিদ্যালয়ের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ বলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আকার এবং বয়স অল্প হলেও এ বিশ্ববিদ্যালয় বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। শিক্ষা ও গবেষণায় দেশের অনেক প্রবীণ বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে বিশ্ব র্যাংকিংয়ে সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে নিজের অবস্থান তুলে ধরেছে এই বিশ্ববিদ্যালয়টি।
ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. রাফিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য দেন গোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. সোহেল হাসান।