মাদারীপুরে যৌথ বাহিনীর অভিযান, বিপুল অস্ত্র উদ্ধার

মাদারীপুরে যৌথ বাহিনীর অভিযানে চার বালতি ককটেল ও বিপুলসংখ্যক ঢালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গত শনিবার রাত আড়াইটা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত পাঁচ ঘণ্টাব্যাপী মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বড়মেহের এলাকায় ইদ্রিস হাওলাদারের বাড়িতে অভিযান চালানো হয়, এরপর সেখানে কিছু পাওয়া না গেলেও হাওলাদার বাড়ি ও কুমার নদের আগে বালুর মাঠের ঝোপঝাড়ের ভেতর থেকে এসব ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। বিষয়টি গতকাল রবিবার সকালে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে মাদারীপুর সেনাবাহিনীর সদর ক্যাম্প সাংবাদিকদের অবহিত করে।

মাদারীপুর সেনাবাহিনীর সদর ক্যাম্প কমান্ডার মেজর রেজোয়ানের নেতৃত্বে দুই প্লাটুন সেনাবাহিনীর সদস্য ও মাদারীপুর সদর মডেল থানা পুলিশ এ অভিযান পরিচালনা করেন। সেনাবাহিনীর ডগ স্কোয়াডের দুটি কুকুর নিয়ে এ অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী।

মাদারীপুর সেনাবাহিনীর সদর ক্যাম্প কমান্ডার মেজর রেজোয়ান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুর সদরের মস্তফাপুর ইউনিয়নের বড়মেহের এলাকায় অভিযান চালিয়ে ৪০টি ককটেল, ৩৩টি ঢাল, ৯৪টি সড়কি, তিনটি রামদা, দুটি স্মার্ট ফোন, একটি বাটন ফোনসহ বিভিন্ন দেশীয় অস্ত্রসস্ত্রসহ উদ্ধার করা হয়েছে। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে।