আসামি ধরতে গিয়ে হামলার শিকার র‌্যাবের দুই সদস্য

খুলনায় আদালত চত্বরের প্রধান ফটকের সামনে জোড়া হত্যাকা-ের দুই আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন দুই র‌্যাব সদস্য। গত শনিবার রাতে রূপসা উপজেলার আইচগাতি সেনেরবাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পরে সেখান থেকে জোড়া হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার দুজন হলেন, রূপসা উপজেলার আইচগাতি গ্রামের ইমরান মুন্সির ছেলে রেজাউল মুন্সী হৃদয় (২৫) ও একই গ্রামের সাহাবুদ্দিন শেখের ছেলে মো. আলিফ হোসেন নয়ন (২৬)। তারা খুলনার শীর্ষ মাদক কারবারি ও সন্ত্রাসী গ্রেনেড বাবুর বাহিনীর সদস্য।

র‌্যাব সূত্র জানায়, খুলনার আদালত চত্বরের প্রবেশমুখে জোড়া হত্যাকা-ের দুজন আসামি আইচগাতি ইউনিয়নের সেনেরবাজারে পলাশের বাড়িতে অবস্থান করছে এমন সংবাদ পেয়ে র‌্যাব সেখানে অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা দেশি তৈরি অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। র‌্যাবও আত্মরক্ষার জন্য ফাঁকা গুলি ছোড়ে। পরে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৬ এর কমান্ডার লে. কর্নেল নিস্তার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রূপসা উপজেলার সেনেরবাজার এলাকার পলাশের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে র‌্যাব সদস্যদের ওপর হামলা চালায়। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরা ফাঁকা গুলি ছোড়ে। তখন গ্রেপ্তার এড়াতে ঘরের টিন খুলে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, সিসি টিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, গ্রেপ্তার হৃদয় ও নয়ন খুলনার আদালত চত্বরের সামনে রাজন ও রাব্বি হত্যা মিশনে সরাসরি অংশ নিয়েছিল। তাদের কাছ থেকে ৭৯ পিস ইয়াবা, একটি খেলনা পিস্তল ও দেশে তৈরি কুড়াল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।