ভয়াবহ শীতকালীন ঝড়ে স্থবির যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন ১০ লাখের বেশি পরিবার

যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে তীব্র শীতকালীন ঝড় আঘাত হেনেছে। তুষারপাত, বরফ ও হিমবৃষ্টির যৌথ প্রভাবে দেশটির দৈনন্দিন জীবন কার্যত অচল হয়ে পড়েছে। ঝড়ের কারণে এক কোটিরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন, বাতিল হয়েছে হাজার হাজার ফ্লাইট, বন্ধ রাখা হয়েছে বহু গুরুত্বপূর্ণ সড়ক। বিভিন্ন অঙ্গরাজ্যে প্রাণহানির খবরও পাওয়া গেছে। কর্তৃপক্ষ আশঙ্কা করছে, এই দুর্যোগ আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা (এনডব্লিউএস) জানিয়েছে, টেক্সাস থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত বিস্তৃত এলাকায় তুষার, বরফ ও হিমবৃষ্টি মিলিয়ে ‘জীবননাশের ঝুঁকিপূর্ণ’ পরিস্থিতি তৈরি হয়েছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, এই আবহাওয়া পরিস্থিতি কয়েক দিন স্থায়ী হতে পারে। এরই মধ্যে লুইজিয়ানায় হাইপোথারমিয়ায় অন্তত দুজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে অঙ্গরাজ্যটির স্বাস্থ্য বিভাগ। টেক্সাসেও আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

স্থানীয় সময় রবিবার বিকেল পর্যন্ত পাওয়ারআউটেজ ডট ইউএস-এর তথ্য অনুযায়ী, ঝড়ের প্রভাবে সারা দেশে ১০ লাখেরও বেশি পরিবার বিদ্যুৎ সংযোগ হারিয়েছে। একই সময়ে ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটঅ্যাওয়ার জানায়, ১০ হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে, যা অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ভ্রমণে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি করেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ১৮ কোটি মার্কিন নাগরিক—অর্থাৎ দেশটির মোট জনসংখ্যার অর্ধেকের বেশি মানুষ এই শীতকালীন ঝড়ের প্রত্যক্ষ প্রভাবের মুখে পড়তে পারেন। বিশেষ করে হিমবৃষ্টি পরিস্থিতিকে সবচেয়ে বিপজ্জনক হিসেবে উল্লেখ করছেন আবহাওয়াবিদরা। হিমবৃষ্টির ক্ষেত্রে বৃষ্টির ফোঁটা মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই বরফে পরিণত হয়, যা সড়ক ও অবকাঠামোর জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে। ন্যাশনাল ওয়েদার সার্ভিসের আবহাওয়াবিদ অ্যালিসন সান্তোরেলি সিবিএস নিউজকে বলেন, তুষার ও বরফ খুব ধীরে গলবে, ফলে উদ্ধারকাজ এবং স্বাভাবিক অবস্থায় ফেরার প্রক্রিয়া ব্যাহত হতে পারে।

কেন্টাকি অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ডি বেসিয়ার রবিবার এক সংবাদ সম্মেলনে জানান, রাজ্যে প্রত্যাশার চেয়ে বরফ বেশি পড়ছে, তুষার তুলনামূলক কম। তিনি বলেন, এতে সড়ক পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠবে এবং ঝুঁকিপূর্ণ অবস্থা আগামী সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, এই ঝড়ের সবচেয়ে বড় হুমকি হলো বরফের স্তর। বরফের ভারে গাছ ভেঙে পড়া, বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়া এবং সড়ক অতিমাত্রায় পিচ্ছিল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে ভার্জিনিয়ায় ঝড়ের কারণে অন্তত ২০০টি গাড়ি দুর্ঘটনার খবর দিয়েছে স্থানীয় গণমাধ্যম।

লুইজিয়ানার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হাইপোথারমিয়ায় মারা যাওয়া দুই ব্যক্তি ক্যাডো প্যারিশ এলাকায় অবস্থান করছিলেন। এদিকে টেক্সাসের অস্টিন শহরের মেয়র কার্ক ওয়াটসন সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, শীতকালীন ঝড়ের কারণে সেখানে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে, যা অতিরিক্ত ঠান্ডায় সংস্পর্শজনিত।

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এক্সে জানান, শনিবার শহরে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে, যদিও তাদের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত নয়। তিনি বলেন, প্রতি বছরই নিউইয়র্কে ঠান্ডাজনিত প্রাণহানির ঘটনা ঘটে, এবারের পরিস্থিতি সেই বাস্তবতাকেই আবার সামনে এনেছে।

ঝড়ের তীব্রতা বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধেক অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সম্ভাব্য ঝুঁকির কারণে বিভিন্ন এলাকায় স্কুল বন্ধ রাখা হয়েছে এবং দেশটির সিনেটও সোমবার সন্ধ্যার নির্ধারিত ভোট স্থগিত করেছে। রাজধানী ওয়াশিংটনে জরুরি অবস্থা ঘোষণা করে মেয়র মুরিয়েল বাউজার বলেন, গত এক দশকের মধ্যে এটি ডিসির সবচেয়ে বড় তুষারঝড়।

বিশেষজ্ঞরা বলছেন, উত্তরাঞ্চলের ডাকোটা ও মিনেসোটার মতো অঙ্গরাজ্যগুলো চরম ঠান্ডায় অভ্যস্ত হলেও টেক্সাস, লুইজিয়ানা ও টেনেসির মতো দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোতে এ ধরনের তীব্র শীত বিরল। এসব এলাকায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১৫ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াস কমে গেছে এবং হিমবৃষ্টির কারণে প্রায় এক ইঞ্চি পর্যন্ত বরফ জমতে পারে। দিনে বরফ গলে রাতে আবার জমে সড়ক আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে বলে সতর্ক করছেন সংশ্লিষ্টরা।

টেনেসির ন্যাশভিল ও আশপাশের এলাকায় ২ লাখের বেশি বিদ্যুৎ বিচ্ছিন্নতার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ন্যাশভিল ইলেকট্রিক সার্ভিস। সংস্থাটি জানিয়েছে, অনেক বাসিন্দাকে কয়েক দিন বিদ্যুৎ ছাড়া থাকতে হতে পারে। টেনেসির জরুরি ব্যবস্থাপনা পরিচালক প্যাট্রিক শিহান বলেন, বরফ জমা সড়ক নিরাপত্তা ও বিদ্যুৎ অবকাঠামো—দুয়ের জন্যই বড় ধরনের ঝুঁকি তৈরি করছে।