জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)-এর কেন্দ্রীয় মসজিদ সংস্কারের আওতায় আসছে। প্রথম ধাপে মসজিদের উত্তর পাশে নারী শিক্ষার্থীদের নামাজ আদায়ের জন্য একটি স্থায়ী স্থান নির্মাণ করা হবে।
রবিবার (২৫ জানুয়ারি) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস আল হাসান সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় বিষয়টি তুলে ধরেন।
নারী শিক্ষার্থীদের জন্য মসজিদের পাশেই ওজুর স্থান এবং দুটি ওয়াশরুম নির্মাণ করা হবে। মসজিদে প্রবেশের জন্য উত্তরদিকে নারীদের জন্য পৃথক প্রবেশপথের ব্যবস্থাও থাকবে।
এ বিষয়ে জাকসুর এজিএস ফেরদৌস আল হাসান জানান, ‘বর্তমানে কাপড় দিয়ে অস্থায়ীভাবে আলাদা করা অংশের পরিবর্তে থাই গ্লাস ব্যবহার করে নারীদের জন্য স্থায়ী নামাজের জায়গা করা হবে। পাশাপাশি উত্তর দিকে নারীদের জন্য আলাদা একটি গেট নির্মাণ করা হবে, যাতে চলাচলে কোনো সমস্যা না হয়। এ ছাড়া ওয়াশরুম কমপ্লেক্সের সামনে পশ্চিম পাশে নারীদের জন্য পৃথক অজুখানা ও ওয়াশরুম নির্মাণ করা হবে।’
সংস্কার কার্যক্রম শুরুর বিষয়ে প্রকৌশল অফিসের উপ-প্রধান প্রকৌশলী মো. আশিকুর রহমান বলেন, ‘টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। রিভিউ শেষে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে সংস্কার কার্যক্রম শুরু হবে।’