মোটরসাইকেল দুর্ঘটনায় ড্যাফোডিলের শিক্ষার্থী নিহত

রাজধানীর ধোলাইপাড় ঢাকা-মাওয়া এক্সপ্রেস ওয়ের উপরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ড্যাফোডিল ইউনিভার্সিটির এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তার নাম তাজওয়ার রহমান অর্ক (২২)। 

সোমবার (২৬ জানুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে ধোলাইপাড় মোড় সালাউদ্দিন পেট্রোল পাম্প সংলগ্ন এক্সপ্রেস ওয়ের উপরে এই দুর্ঘটনা ঘটে।

শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজিজুল হাসান জানান, অর্কর বাসা পূর্ব রামপুরা ২/১ এসোর্ট রোজারিও এলাকায়। তার বাবার নাম গাজী হাফিজুর রহমান। তিনি ড্যাফোডিল ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ৬ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। অর্ক সকালে মোটরসাইকেল চালিয়ে এক্সপ্রেস ওয়ে দিয়ে যাচ্ছিলেন। তবে এক্সপ্রেস ওয়ের উপরে শাহ সিমেন্টের একটি গাড়ি নষ্ট হওয়ায় সেটি একপাশে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। দ্রুত গতির কারণে ওই শিক্ষার্থী নিয়ন্ত্রণ হারিয়ে ওই গাড়ির পিছনে গিয়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এসআই আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। শাহ সিমেন্টের গাড়িটি জব্দ করা হয়েছে। এছাড়া নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।