কক্সবাজার-মহেশখালী নৌরুটে ‘একই মুখি ২টি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে উল্টে গিয়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয় ১৮ জনকে।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে কক্সবাজার-মহেশখালী নৌরুটে বাঁকখালী নদীর মোহনায় এ ঘটনা ঘটেছে।
মৃত নারীর নাম ও পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও তার আনুমানিক বয়স ৫০ বছর বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
কক্সবাজার-মহেশখালী নৌরুট স্পিডবোট চালক সমিতির সভাপতি মো. দিদারুল ইসলাম বলেন, দুপুরে মহেশখালী উপজেলার গেরকঘাটা ঘাট থেকে একই সময়ে যাত্রী নিয়ে দুইটি স্পিডবোট কক্সবাজারের উদ্দেশে রওনা দেয়। একপর্যায়ে স্পিডবোট দুইটি বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন এলাকায় পৌঁছালে একটির ইঞ্জিন বন্ধ হয়ে আটকে গেলে পিছন দিক থেকে দ্রুতগতিতে আসা অপর বোটটির সঙ্গে ধাক্কা লাগে। এতে স্পিডবোট দুইটি উল্টে গেলে যাত্রীরা ছিটকে পড়ে।
পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অন্য স্পিডবোট ও ট্রলারের সহায়তায় পানিতে ভাসমান অবস্থায় মুমূর্ষু এক নারী এবং ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়।
তিনি জানান, ঘটনায় মুমূর্ষু উদ্ধার নারীকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন অধিদপ্তরের (বিআইডব্লিউটিএ) কক্সবাজার নদী বন্দর কর্মকর্তা মো. আব্দুল ওয়াকিল জানান, ঘটনাটি স্থানীয়ভাবে অবহিত হওয়ার পরপরই বিআইডব্লিউটিএ এর কর্মীদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্পিডবোটের সংঘর্ষে এক নারীর মৃত্যু হয়েছে।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন জানান, দুপুরে স্পিডবোট দুর্ঘটনায় শংকটাপন্ন অবস্থায় এক নারীকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনা হয়। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই নারীর নাম ও পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।