ভোলায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

ভোলার লালমোহনে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে আরও ১০ জন।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ২টায় লালমোহনের গজারিয়া বাজারের ডা. আজাহার উদ্দিন কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত অটোচালকের নাম তাৎক্ষনিক পাওয়া যায়নি। তবে যাত্রী হলেন মা শিল্পী রানী দাস (৫৫) এবং ছেলে তুষার দাস (২৫)

পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, সোমবার দুপুর সোয়া ১২ টায় ভোলা বাস টার্মিনাল থেকে একটি চরফ্যাশনের উদ্দেশ্যে ছেড়ে যায়। দুপুর ২টায় লালমোহনের গজারিয়া বাজারের ডা. আজহার উদ্দিন কলেজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটো রিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দ্রুতগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই অটোচালক সহ ৩ জন মারা যায়। খবর পেয়ে লালমোহন ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে নিহতদের লাশ উদ্ধার করেছে। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলছে। 

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম জানান, তারা ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করেছেন। তাদের নাম ও পরিচয় তাৎক্ষণিক জানা যায় নি। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

এ ছাড়া বোরহানউদ্দিন উদয়পুর রাস্তার মাথায় বাইক দুর্ঘটনায় কলেজ ছাত্র সোহাগ নামে আরো একজন মারা যায় বলে জানা যায়।