ফের রিমান্ডে সালমান রহমান

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানকে জনতা ব্যাংক থেকে ঋণের ১৩৬ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগের মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ রিমান্ড মঞ্জুর করেন। দুদকের প্রসিকিউটর মোহাম্মদ তরিকুল ইসলাম আদালতের আদেশে বিষয়টি নিশ্চিত করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপভুক্ত প্রতিষ্ঠানের মধ্যে ব্যাক টু ব্যাক এলসির নামে দেশের ভেতর মালামাল আমদানি-রপ্তানি দেখিয়ে অর্থ আত্মসাৎ করা হয়েছে। পাশাপাশি যেসব বিদেশি সেলস কন্ট্রাক্টের বিপরীতে বিবি এলসিগুলো খোলা হয়েছে। সেগুলো ইস্যু করেছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠানে, যা আসামির ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান ও ভাতিজা আহমেদ শাহরিয়ার রহমানকে মালিকানাধীন প্রতিষ্ঠান। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের স্বার্থে আসামিকে রিমান্ড নেওয়া একান্ত প্রয়োজন। গত বছরের ৩ নভেম্বর সালমান এফ রহমানসহ ২২ জনের বিরুদ্ধে দুদক এ মামলাটি করে।