কিশোরী প্রতিপক্ষকে উড়িয়ে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে সাবালেঙ্কা

মেলবোর্নে চলমান তীব্র তাপপ্রবাহ উপেক্ষা করেই অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে উঠলেন শীর্ষ বাছাই আরিনা সাবালেঙ্কা। মঙ্গলবার রড লেভার অ্যারেনায় কোয়ার্টার ফাইনালে ১৮ বছর বয়সী মার্কিন খেলোয়াড় ইভা জোভিচকে ৬-৩, ৬-০ গেমে পরাজিত করেন বেলারুশ তারকা।

ম্যাচের শুরুতে স্টেডিয়ামের ছাদ খোলা রাখা হয়, যদিও সেদিন মেলবোর্নে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার সতর্কতা জারি ছিল। পরে পুরুষদের কোয়ার্টার ফাইনালের আগে ছাদ বন্ধ করা হয়। প্রথম সেটের শুরুতেই ৩-০ গেমে এগিয়ে গিয়ে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করেন সাবালেঙ্কা। তবে নবম গেমে জোভিচ তিনটি ব্রেক পয়েন্ট পেলেও কাজে লাগাতে পারেননি। প্রায় ১০ মিনিটের লড়াই শেষে সেটটি নিজের করে নেন সাবালেঙ্কা।

দ্বিতীয় সেটে বর্তমান বিশ্বসেরা তারকা প্রতিপক্ষকে কার্যত কোনো সুযোগই দেননি। টানা দুটি ব্রেক নিয়ে ৫-০ ব্যবধানে এগিয়ে যান। ম্যাচের শেষ দিকে জোভিচের ডাবল ফল্ট সাবালেঙ্কার কাজ আরও সহজ করে দেয়। শেষ গেমে টানা দুটি এস সার্ভিস করে ম্যাচ শেষ করেন সাবালেঙ্কা। ম্যাচে তিনি প্রতিপক্ষের সব পাঁচটি ব্রেক পয়েন্ট সেভ করেন এবং মোট সাতটি এস সার্ভিস করেন।সাবালেঙ্কার প্রতিপক্ষ ছিলেন ১৮ বছর বয়সী মার্কিন খেলোয়াড় ইভা জোভিচ।

ম্যাচ শেষে অন-কোর্ট সাক্ষাৎকারে সাবালেঙ্কা বলেন, ‘গত কয়েক রাউন্ডে এই কিশোর খেলোয়াড়রাই আমাকে সবচেয়ে বেশি পরীক্ষা নিয়েছে। স্কোরলাইনের দিকে তাকালে সহজ মনে হতে পারে, কিন্তু ম্যাচটি মোটেও সহজ ছিল না। সে দুর্দান্ত খেলেছে এবং আমাকে আরও ভালো খেলতে বাধ্য করেছে।’

এই নিয়ে চার বছরে তৃতীয় অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে এগোচ্ছেন সাবালেঙ্কা। তিনি ২০২৩ ও ২০২৪ সালে শিরোপা জিতেছিলেন এবং গত বছর ফাইনালে ম্যাডিসন কিজের কাছে রানার্সআপ হন। তবে এবারের টুর্নামেন্টে কিজ ইতোমধ্যেই বিদায় নিয়েছেন। সেমিফাইনালে সাবালেঙ্কার প্রতিপক্ষ নির্ধারিত হবে মঙ্গলবার রাতে অনুষ্ঠিত তৃতীয় বাছাই কোকো গফ ও ইউক্রেনের এলিনা স্বিতোলিনার মধ্যকার কোয়ার্টার ফাইনালের পর।