বাণিজ্যিক ব্যাংকগুলোকে গণভোটে ‘হ্যাঁ’এর পক্ষে প্রচারণা চালাতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার (২৬ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ব্যাংকের সব শাখার সামনে জুলাই জাতীয় সনদ ২০২৫ এ লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবগুলোর ওপর গণভোট বিষয়ক জনসচেতনতামূলক ব্যানার টানাতে হবে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আসা ৫ জানুয়ারি ২০২৫ থেকে আসা নির্দেশনা অনুযায়ী ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ এ লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবগুলোর ওপর গণভোট বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে দুইটি খাড়া ব্যানার প্রিন্ট করে আপনাদের ব্যাংকের সব শাখা ও উপশাখার দৃষ্টিনন্দন স্থানে প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এর আগে ব্যাংক ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে এক বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে প্রচারণার আহ্বান জানান। সেই আহ্বানের পরিপ্রেক্ষিতে কয়েকটি ব্যাংক ইতোমধ্যে প্রচারণা শুরু করলেও কিছু ব্যাংক লিখিত নির্দেশনা না পাওয়ায় প্রচারণা থেকে বিরত থেকেছে। এর পরিপ্রেক্ষিতেই সোমবার আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপন জারি করা হয়।