জনপ্রশাসন মন্ত্রণালয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দুই দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে। একই সঙ্গে শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি দেওয়া হয়েছে।
মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে নির্বাচন পরিচালনায় সরাসরি দায়িত্বে থাকা শিক্ষক ও কর্মকর্তারা এই ছুটির আওতাভুক্ত হবেন না বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণ কার্যক্রম নির্বিঘ্ন করতে নির্বাহী আদেশে এই ছুটি ঘোষণা করা হয়েছে। এর আওতায় সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস-প্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা ছুটি পাবেন।
এর আগে গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়, নির্বাচনের আগের দিন ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকবে। নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি আগেই সাধারণ ছুটির দিন হিসেবে নির্ধারিত ছিল।
১১ ও ১২ ফেব্রুয়ারির পর ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় নির্বাচনকে কেন্দ্র করে এবার টানা চার দিনের ছুটি পাচ্ছেন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা।
অন্যদিকে, শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি ঘোষণা করায় তারা সাপ্তাহিক ছুটি বাদ দিয়ে টানা তিন দিন ছুটির সুযোগ পাচ্ছেন।