গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনে ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয় জুড়ে আতংকের সৃষ্টি হয়। সোমবার (২৬ জানুয়ারী) রাত পৌনে ১০টার দিকে এ ককটেল বিস্ফোরেণের ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, রাত পৌনে ১০টার দিকে দুইটি মোটর সাইকেলে করে চারজন দূর্বৃত্ত বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনে ককটেল নিক্ষেপ কবে। ককটেল নিক্ষেপের পর দুর্বৃত্তরা মোটর সাইকেল যোগে দ্রুত শহরের দিকে পালিয়ে যায়। বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হলে বিশ্ববিদ্যালয় জুড়ে আতংকের সৃষ্টি হয়। শিক্ষার্থীদের মাঝে দেখা দেয় আতংক ও ভীতি। ককটেল বিস্ফোরণের খবর শুনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব সহ বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আতংক সৃষ্টি করতে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে থাকতে পারে। 

এদিকে পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনী দ্রুততম সময়ে ঘটনাস্থলে অবস্থান করেন। ককটেল বিস্ফোরণে কোন হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাস্থলের সিসি ক্যামেরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী পর্যবেক্ষণ করে।  নিক্ষেপ করা ককটেল হাতে তৈরি এবং ঘটনার সঙ্গে যুক্ত দুষ্কৃতিকারীদের  সনাক্তকরণসহ পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।