নির্বাচনী প্রচারণায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ

রাজধানীর শান্তিনগরে অবস্থিত হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজে ১১ দলীয় জোটের ঢাকা-৮ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর উপর ডিম নিক্ষেপ ও হট্টগোলের ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এই ঘটনাকে কেন্দ্র করে কলেজ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাবিবুল্লাহ বাহার কলেজে আয়োজিত একটি পিঠা উৎসবে যোগ দিতে দুপুরে সেখানে যান ‘শাপলা কলি’ প্রতীকের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। তার উপস্থিতিতে সাধারণ শিক্ষার্থীদের একাংশের মধ্যে উত্তেজনা শুরু হয়। একপর্যায়ে একদল শিক্ষার্থী তাকে উদ্দেশ্য করে স্লোগান দিতে থাকে এবং একের পর এক ডিম নিক্ষেপ করে। উদ্ভূত পরিস্থিতিতে তিনি কলেজ থেকে বের হয়ে সামনের রাস্তায় বসে পড়েন।

রাস্তায় বসে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নাসীরুদ্দীন পাটওয়ারী এই ঘটনার জন্য সরাসরি ছাত্রদল ও যুবদলকে দায়ী করেন। তিনি বলেন, ছাত্রদল ও যুবদল আজকে পরিকল্পিতভাবে সন্ত্রাসী হামলা করেছে। আমি মির্জা আব্বাসকে বলবো-এই সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ করেন। এভাবে হামলা করে আমাদের ভয় দেখানো যাবে না। আগামী ১২ তারিখ জনগণ ব্যালটের মাধ্যমে এসবের জবাব দেবে।

তিনি আরও যোগ করেন, আমি এই ঘটনার বিচার জনগণের ওপর ছেড়ে দিলাম। আমরা এই এলাকা থেকে সন্ত্রাসী ও চাঁদাবাজদের উৎখাত করেই ছাড়বো।

এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনি মিডিয়া উপ-কমিটির প্রধান মাহবুব আলম বলেন, হাবিবুল্লাহ বাহার কলেজে আমন্ত্রিত অতিথি হিসেবে গেলে ঢাকা-৮ আসনের ১১ দলীয় ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর অতর্কিত হামলা চালানো হয়।

এদিকে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ১১ দলীয় জোট। মঙ্গলবার দুপুর ১টার দিকে এনসিপির মিডিয়া সেলের সদস্য মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামও সেখানে উপস্থিত থাকতে পারেন বলে জানিয়েছেন দলটির এক নেতা ।

এর আগে গত শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরীর গোল্ডেন প্লাজা গলি এলাকায় নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনী প্রচারের পথসভায় ময়লা পানি ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় নাসীরুদ্দীন এবং তার সঙ্গে থাকা নেতা-কর্মীরা কেউ আহত হননি। ঘটনার পর পরই সেদিন দ্রুত কর্মসূচি শেষ করে তারা পরীবাগ এলাকায় চলে যান।