বিয়ের আগে নতুন সিনেমায় বিজয়-রাশমিকা

সম্প্রতি বাগদান সেরেছেন দক্ষিণী সিনেমার আলোচিত জুটি দেবেরাকোন্ডার ও রাশমিকা মন্দানা। আর কিছুদিনের মধ্যেই সাত পাকে বাঁধা পড়বেন।  বিয়ের আগেই নতুন একটি সিনেমায় জুটি বেঁধে অভিনয় করছেন তারা। ছবিটির নাম রানাবালি। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে ছবিটির মুক্তির তারিখও। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই ঘোষণা দেন নির্মাতারা। 

পরিচালক রাহুল সাংকৃত্যনের পরিচালনায় নির্মিত রানাবালি ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিজয় ও রাশমিকা । ছবিটি চলতি বছরের ১১ সেপ্টেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ১৯ শতকের ভারতকে পটভূমি করে নির্মিত এই ছবির গল্প ১৮৫৪ থেকে ১৮৭৮ সালের মধ্যে ঘটে যাওয়া কিছু বাস্তব ঐতিহাসিক ঘটনার অনুপ্রেরণায় তৈরি। 

বিজয়কে দেখা গেছে রানাবালি চরিত্রে এক রুক্ষ ও প্রভাবশালী রূপে, সম্পূর্ণ নতুন লুকে। রাশমিকা মন্দানা অভিনয় করেছেন জয়াম্মা চরিত্রে। পাশাপাশি আন্তর্জাতিক অভিনেতা আর্নল্ড ভসলুকে দেখা যাবে ব্রিটিশ অফিসার স্যার থিওডোর হেক্টরের চরিত্রে, যিনি ছবির প্রধান ভিলেন। 

ডিয়ার কমরেড ও খুশি ছবির পর এটি বিজয় এবং প্রযোজনা প্রতিষ্ঠান মিথ্রি মুভি মেকার্সের তৃতীয় কাজ। একই সঙ্গে এই ছবির মাধ্যমে পরিচালক রাহুল সাংকৃত্যনের সঙ্গে ট্যাক্সিওয়ালা–এর পর আবারও একসঙ্গে কাজ করছেন বিজয়।