ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ৩–১ গোলের জয়ে দুর্দান্ত পারফরম্যান্সে নজর কেড়েছেন চেলসির তরুণ প্রতিভা এস্তেভাও। ১৮ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যাচে একটি গোল করেছেন। তার পারফরম্যান্সে মুগ্ধ হয়ে ভূয়সী প্রশংসা করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি ওয়েন রুনি।
রুনি বলেন, ‘আমি তাকে দেখে সত্যিই মুগ্ধ। সে ভবিষ্যতের একজন প্রকৃত সুপারস্টার। পুরো ম্যাচে সে অসাধারণ ছিল এবং ক্রিস্টাল প্যালেসের রক্ষণভাগকে ভীষণ চাপে রেখেছে। সে উইংয়ে নিজের জায়গা ধরে রাখে। এত কম বয়সে এমন ধৈর্য দেখানো খুবই বিরল। অনেক সময় ম্যাচে খুব বেশি বল না পেলেও সে সুযোগ তৈরি করে। তার গেম সেন্স ও আগাম ভাবনা আমাকে বিশেষভাবে আকৃষ্ট করেছে।’
অন্যদিকে চেলসি কোচ লিয়াম রোসেনিয়ার বলেছেন, ‘সে বিশেষ সামর্থ্যবান ও প্রতিভাধর একজন খেলোয়াড়। যেটা আমাকে বেশি আনন্দ দিয়েছে সেটা হলো, প্রতিপক্ষের সবাই বলের পেছনে ছিল। এই কারণে সে জায়গা পেয়েছে…আমার মনে হয়, অ্যাওয়ে ম্যাচের হিসেবে এটা আমাদের উঁচুমানের পারফরম্যান্স ছিল।’
এই জয়ের মাধ্যমে চেলসি লিগে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট অর্জন করেছে। অন্যদিকে এস্তেভাও নিজের প্রতিভার ঝলক দেখিয়ে ভবিষ্যতের বড় তারকা হওয়ার ইঙ্গিত দিয়ে রাখলেন। চেলসি সমর্থকদের মধ্যে এখন তরুণ এই ব্রাজিলিয়ানকে ঘিরে বাড়ছে প্রত্যাশা ও উত্তেজনা।