চোটের কাছে হার মেনে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী ক্রিকেটারের অবসর

চোটের সঙ্গে আর পেরে উঠলেন না অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার কেইন রিচার্ডসন। শেষ পর্যন্ত পেশাদার ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন। আজ মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে অবসরের সিদ্ধান্ত জানান ৩৪ বছর বয়সী এই পেসার। পরে অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের মাধ্যমে তিনি আনুষ্ঠানিক বিবৃতিও দেন।

২০০৯ সালে পেশাদার ক্রিকেটে অভিষেক হয় রিচার্ডসনের। তিনি বিগ ব্যাশ লিগের অন্যতম পরিচিত মুখ ছিলেন। ২০১৮–১৯ মৌসুমে রেনেগেডসের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিবিএলের ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ উইকেটশিকারি রিচার্ডসনের ঝুলিতে রয়েছে ১৪২টি উইকেট। চলতি বিগ ব্যাশ লিগ (বিবিএল) মৌসুমের জন্য সিডনি সিক্সার্সের সঙ্গে এক বছরের চুক্তি করেছিলেন। তবে মাত্র দুটি ম্যাচ খেলার পরই ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নেন।

অবসর ঘোষণায় রিচার্ডসন বলেন, ‘এই বিবিএল শেষে আমি পেশাদার ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। ২০০৯ সালে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত নিজের সবটুকু উজাড় করে দিয়েছি। জীবনের এই উপভোগ্য অধ্যায় শেষ করার এটাই সঠিক সময়। আমার ক্যারিয়ার গঠনে যারা ভূমিকা রেখেছেন, বিশেষ করে দক্ষিণ অস্ট্রেলিয়া ও নর্দান টেরিটরিতে আমার ক্যারিয়ারের শুরুর সময়কার কোচ, কর্মকর্তা ও সতীর্থদের—সবার প্রতি আমি কৃতজ্ঞ।’

আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার হয়ে ২৫টি ওয়ানডে ও ৩৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন রিচার্ডসন। ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন। এছাড়া ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ দলেও জায়গা পেয়েছিলেন। তবে ক্যারিয়ারজুড়ে মাঠের ভেতরের চেয়ে বাইরেই সম্ভবত বেশি সময় কাটিয়েছেন রিচার্ডসন। প্রস্তুতির চেয়ে বেশি সময় কেটেছে তার পুনবার্সনে।

রিচার্ডসন আরও বলেছেন, ‘দেশের প্রতিনিধিত্ব করতে পেরে এবং অস্ট্রেলিয়া ও ক্রিকেট বিশ্বের নানা জায়গায় ফ্র্যাঞ্চাইজি দলগুলির হয়ে খেলতে পেরে আমি সৌভাগ্যবান। ডারউইনে ছেলেবেলা বেড়ে ওঠার সময় ক্রিকেট নিয়ে যে স্বপ্ন দেখেছি, সেখান থেকে কোনো সুযোগই হালকা করে নেইনি আমি এবং আশা করি, আমাকে যারা দেখেছেন, সবাই তা অনুভব করেছেন।’