'মানবতার জন্য ক্ষতিকর রাজনীতি নির্মূল করা উচিত',- সাকলায়েন মুশতাক

পাকিস্তানের কিংবদন্তি স্পিনার সাকলায়েন মুশতাক ভারত ও পাকিস্তানের উত্তেজনাকর সম্পর্কের প্রসঙ্গে বলেছেন, রাজনীতি মানবতার শত্রু, তাই এটা নির্মূল হওয়া উচিত।  সাকলায়েন মনে করেন, ক্রিকেট দেশগুলোর মধ্যে বন্ধুত্ব তৈরি করে, বিভেদ সৃষ্টি করে না।

ভারতের বার্তা সংস্থা এএনআইকে দেয়া সাক্ষাৎকারে সাকলায়েন বলেন, “আমি বিশ্বাস করি রাজনীতি নির্মূল করা উচিত, কারণ এটি মানবতার জন্য ক্ষতিকর। রাজনীতি আমাদের শত্রু, এবং এটি শুধু ক্রিকেটকেই নয়, পুরো মানবতাকেই ক্ষতিগ্রস্ত করছে। ক্রিকেটের উদ্দেশ্য হলো দেশগুলোকে একত্রিত করা, আলাদা করা নয়।”

ভারত ও পাকিস্তান ২০১২-১৩ সালের পর থেকে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি। ২০১২ সালের ডিসেম্বর পাকিস্তান ভারতে গিয়ে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল। টি-টোয়েন্টি সিরিজটি ড্র হয়েছিল, আর ওয়ানডে সিরিজে পাকিস্তান ২-১ ব্যবধানে জয়ী হয়েছিল।

সাকলায়েনের মতে, রাজনীতি কিংবা সংঘাত নয়, ক্রিকেট শুধু বিনোদনের মাধ্যমই হওয়া উচিত। বাংলাদেশের বিশ্বকাপে না থাকা নিয়ে কথা বলতে রাজি হননি সাকলায়েন, ‘ক্রিকেট মানে বিনোদন। এটি কোনো যুদ্ধ বা যুদ্ধক্ষেত্র নয়। বাংলাদেশের ভারতের মাটিতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে আমি মন্তব্য করতে চাই না। আমি তো আগেই স্পষ্ট করে বলেছি আমি রাজনীতিতে বিশ্বাস করি না।’