দুবাইতে নির্মিত হতে যাচ্ছে বিশ্বের প্রথম ‘গোল্ড স্ট্রিট’। এটি এমন একটি রাস্তা যা তৈরিতে ব্যবহার করা হবে সোনা। রাস্তিাটি বানানো হবে আমিরাতের গোল্ড ডিস্ট্রিক্টে। তবে বিস্তারিত তথ্য ধাপে ধাপে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
আনুষ্ঠানিকভাবে গোল্ড ডিস্ট্রিক্ট বা স্বর্ণের জেলা উদ্বোধনের পর এমনটা ঘোষণা দিয়েছে রিয়েল এস্টেট কোম্পানি ইথরা দুবাই কর্তৃপক্ষ।
২০২৪ থেকে ২০২৫ সময়ে সংযুক্ত আরব আমিরাত প্রায় ৫৩.৪১ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের সোনা রপ্তানি করেছে। দেশটির প্রধান বাণিজ্যিক অংশীদার ছিল সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, ভারত, হংকং ও তুরস্ক। দেশটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ভৌত (ফিজিক্যাল) সোনা বাণিজ্য কেন্দ্র।
আমিরাতের নতুন ‘হোম অব গোল্ড’ হিসেবে পরিচিত এই ডিস্ট্রিক্টে সোনা ও গয়না-সম্পর্কিত সবকিছু এক ছাদের নিচে নিয়ে আসা হবে।
এখানে খুচরা বিক্রি, বুলিয়ন, পাইকারি বাণিজ্য এবং বিনিয়োগ—সবকিছুই অন্তর্ভুক্ত থাকবে। দুবাই গোল্ড ডিস্ট্রিক্টে বিভিন্ন খাতে পারফিউম, কসমেটিকস, সোনা ও লাইফস্টাইলসহ মোট হাজারের বেশি খুচরা বিক্রেতা রয়েছে।
ইথরা দুবাইয়ের সিইও ইসাম গালাদারি বলেন, দুবাই গোল্ড ডিস্ট্রিক্ট ঐতিহ্য, পরিসর ও সুযোগকে একত্রিত করে।
দুবাই ফেস্টিভ্যালস অ্যান্ড রিটেইল এস্টাবলিশমেন্টের সিইও আহমেদ আল খাজা বলেন, ‘সোনা দুবাইয়ের সাংস্কৃতিক ও বাণিজ্যিক কাঠামোর সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। এটি আমাদের ঐতিহ্য, সমৃদ্ধি এবং উদ্যোগের স্থায়ী চেতনাকে প্রতীকীভাবে তুলে ধরে। এই ঐতিহাসিক গন্তব্যের মাধ্যমে আমরা সেই উত্তরাধিকার উদযাপন করার পাশাপাশি সৃজনশীলতা ও টেকসই উন্নয়নে গড়ে ওঠা নতুন যুগের জন্য তাকে নতুনভাবে কল্পনা করছি।’