লক্ষ্মীপুরে জেএসডির ৬৩ নেতাকর্মী বিএনপিতে

লক্ষ্মীপুরের কমলনগরে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ছেড়ে ৬৩ জন নেতা-কর্মী বিএনপিতে যোগদান করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে এই যোগদানকে জেএসডির অভ্যন্তরীণ কোন্দলের প্রকাশ্য বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।

সোমবার (২৬ জানুয়ারি) রাতে লক্ষ্মীপুর-৪ আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এবিএম আশরাফ উদ্দিন নিজানের কমলনগরের বাসভবনে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় জেএসডির রাজনীতি ছেড়ে আসা নেতাকর্মীরা বিএনপিতে যোগদানের আগ্রহ প্রকাশ করেন। পরে বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের সভাপতি, সহ-সভাপতি, সেক্রেটারি ও কার্যকরী কমিটির সদস্যসহ মোট ৬৩ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে এবিএম আশরাফ উদ্দিন নিজানের হাতে হাত রেখে বিএনপির রাজনীতিতে যুক্ত হন।

বিএনপিতে যোগ দেওয়া নেতাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— তোরাবগঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ড জেএসডির সেক্রেটারি মো. নুরুজ্জামান, ৪নং ওয়ার্ড সহসভাপতি হানিফ মাঝি, ২নং ওয়ার্ড সভাপতি মো. সেলিম এবং ৯নং ওয়ার্ড সেক্রেটারি মো. রহিমসহ আরও অনেকে।

যোগদান অনুষ্ঠানে বক্তব্যে মন্তাজ উদ্দিন মেম্বার বলেন, ‘আমি ৪৩ বছর আগে রাজনীতিতে যুক্ত হই। এর মধ্যে ২৮ বছর জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির রাজনীতির সঙ্গে ছিলাম। তবে গত ৫ আগস্টের পর থেকে জেএসডি তাদের নীতি ও আদর্শ থেকে সরে গেছে বলে মনে করেছি। তাই বিএনপিতে যোগ দিয়ে নতুনভাবে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করলাম।’

বিএনপি নেতারা আশা প্রকাশ করেন, নতুন নেতাকর্মীদের যোগদানে দলের সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি পাবে এবং আসন্ন নির্বাচনে এর ইতিবাচক প্রভাব পড়বে।