ক্যানসার নির্ণয়ে ইমিউনো হিস্টোকেমিস্ট্রি

ক্যানসার এমন এক জটিল রোগ, যা শরীরের বিভিন্ন অংশে দেখা দিতে পারে। এটি সঠিকভাবে নির্ণয় করা চিকিৎসার প্রথম এবং গুরুত্বপূর্ণ ধাপ। চিকিৎসাবিজ্ঞানে ক্যানসার নির্ণয়ে অত্যন্ত কার্যকর পদ্ধতি হলো ইমিউনো হিস্টোকেমিস্ট্রি (ওঐঈ)। এটি এমন এক পরীক্ষা, যা ক্যানসার কোষের ধরন ও বৈশিষ্ট্য নির্ধারণ করতে ব্যবহৃত হয়। এটি একটি বিশেষ ধরনের ল্যাবরেটরি পরীক্ষা, যেখানে টিস্যু নমুনা (বায়োপসি থেকে নেওয়া কোষ) পরীক্ষা করে ক্যানসারের ধরন ও তার আচরণ সম্পর্কে জানা যায়। এ পদ্ধতিতে কিছু বিশেষ রাসায়নিক পদার্থ (অ্যান্টিবডি) ব্যবহার করা হয়, যা ক্যানসার কোষের নির্দিষ্ট প্রোটিনের সঙ্গে মিলে যায়। সহজভাবে বললে, ইমিউনো হিস্টোকেমিস্ট্রি হলো ক্যানসার কোষের একটি ফিঙ্গারপ্রিন্ট তৈরি করার পদ্ধতি। যার মাধ্যমে বুঝতে সুবিধা হয় ক্যানসারটি কোন ধরনের এবং কীভাবে এর চিকিৎসা করা উচিত।

যেভাবে কাজ করে

একজন রোগীর ফুসফুসে টিউমার ধরা পড়েছে। ডাক্তারকে জানতে হবে, এটি ফুসফুসের ক্যানসার, নাকি অন্য কোথাও থেকে ছড়িয়ে আসা ক্যানসার। এ ক্ষেত্রে বায়োপসি করে টিস্যু নমুনা সংগ্রহ করা হয়। নমুনা ল্যাবে পাঠানো হয়, যেখানে ইমিউনো হিস্টোকেমিস্ট্রি পরীক্ষা করা হয়। এ পরীক্ষার নমুনায় বিশেষ রাসায়নিক দ্রব্য প্রয়োগ করা হয়, যা কোষের নির্দিষ্ট প্রোটিনের সঙ্গে সংযুক্ত হয়। এরপর মাইক্রোস্কোপের সাহায্যে এ প্রোটিনগুলো পরীক্ষা করা হয়। উদাহরণস্বরূপ, ফুসফুসের ক্যানসারে ঞঞঋ১ নামক একটি প্রোটিন সাধারণত পাওয়া যায়, যা নিশ্চিত করে যে ক্যানসারটি ফুসফুস থেকেই শুরু হয়েছে।

যে কারণে গুরুত্বপূর্ণ

ইমিউনো হিস্টোকেমিস্ট্রি ক্যানসার নির্ণয়ে গুরুত্বপূর্ণ। কারণ এটি সঠিক নির্ণয় নিশ্চিত করে, ক্যানসারের ধরন ও উৎস নির্ধারণ করে, যা চিকিৎসার পরিকল্পনার জন্য অত্যন্ত জরুরি। চিকিৎসার দিকনির্দেশনা দেয়। রোগের ভবিষ্যৎ আচরণ বোঝায়।

উপকারিতা

ইমিউনো হিস্টোকেমিস্ট্রি রোগীর জন্য আশীর্বাদ। এটি নিশ্চিত করে যে, রোগী সঠিক চিকিৎসা পাচ্ছেন। এছাড়া এটি চিকিৎসার খরচ এবং সময় বাঁচাতে সাহায্য করে। কারণ সঠিক নির্ণয়ের মাধ্যমে সঠিক ওষুধ বা থেরাপি দ্রুত শুরু করা যায়। ইমিউনো হিস্টোকেমিস্ট্রি ক্যানসার নির্ণয়ে শক্তিশালী হাতিয়ার। সাধারণ মানুষ হিসেবে আমাদের জানা উচিত, ক্যানসার ধরা পড়লে এ ধরনের পরীক্ষা আমাদের জীবন বাঁচাতে পারে। তাই ক্যানসারের লক্ষণ দেখা দিলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন এবং প্রয়োজনে ইমিউনো হিস্টোকেমিস্ট্রির মতো আধুনিক পরীক্ষার বিষয়ে জানুন। সঠিক নির্ণয়ই হলো সঠিক চিকিৎসার প্রথম ধাপ।