ইউক্রেনে যাত্রীবাহী ট্রেনে রুশ ড্রোন হামলায় নিহত ৪

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলে যাত্রীবাহী একটি ট্রেনে রাশিয়ার ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি একে নিরেট সন্ত্রাসবাদ বলে উল্লেখ করেন। স্থানীয় কর্মকর্তাদের মতে, মঙ্গলবারের (২৭ জানুয়ারি) ওই হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন এবং আরও চারজন নিখোঁজ রয়েছেন। হামলার সময় ট্রেনটিতে দুই শতাধিক যাত্রী ছিলেন।

ইউক্রেনের জরুরি সেবা বিভাগ জানায়, একটি ড্রোন সরাসরি একটি বগিতে আঘাত হানে এবং আরও দুটি ড্রোন কাছাকাছি বিস্ফোরিত হয়। এতে ট্রেনের একাধিক বগি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং আগুন ধরে যায়। ট্রেনটি পশ্চিম সীমান্তবর্তী শহর চোপ থেকে খারকিভ হয়ে বারভিনকোভের দিকে যাচ্ছিল।

এদিকে আলাদা ঘটনায় দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী ওদেসায় রাতভর রুশ ড্রোন হামলায় তিনজন নিহত এবং পঁচিশজন আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। হামলায় আবাসিক ভবন ও জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব হামলার বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সাম্প্রতিক ইউক্রেন–রাশিয়া আলোচনা ‘গঠনমূলক’ বলে আখ্যা দেওয়া হলেও গুরুত্বপূর্ণ ভূখণ্ডগত ইস্যুতে কোনো অগ্রগতি হয়নি। এর মধ্যেই ইউক্রেনের জ্বালানি ও পরিবহন অবকাঠামো লক্ষ্য করে রাশিয়ার বিমান হামলা অব্যাহত রয়েছে।