বিপিএল থেকে দেশে ফিরেই অবসর ভাঙার ঘোষণা মঈন আলির!

কদিন আগেই সিলেট টাইটান্সের হয়ে বিপিএল খেলে গেছেন ইংল্যান্ডের সাবেক অল-রাউন্ডার মঈন আলি। দেশে ফিরেই তিনি বেশ চমকপ্রদ এক সিদ্ধান্ত নিয়েছেন। ঘরোয়া ক্রিকেট থেকে নেওয়া অবসর ভেঙে ৩৯ ছুঁইছুঁই বয়সে তিনি আবারও ফিরছেন বাইশ গজে। চলতি মৌসুমের টি–টোয়েন্টি ব্লাস্টে তিনি খেলবেন ইয়র্কশায়ারের হয়ে।

ইসিবির (ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড) নতুন ‘নো-অবজেকশন সার্টিফিকেট’ (এনওসি) নীতির কারণে গত মৌসুমে ইংলিশ ঘরোয়া ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছিলেন মঈন। তবে পরিস্থিতির পরিবর্তনে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে এবার ইয়র্কশায়ারে যোগ দিচ্ছেন তিনি। একই সঙ্গে দ্য হানড্রেডের আসন্ন নিলামেও নিজের নাম নিবন্ধন করবেন, যে আসরের গত মৌসুমে তিনি খেলতে পারেননি।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে ২০২৪ সালের সেপ্টেম্বরে অবসর নেওয়া মঈন গত গ্রীষ্মে ওয়ারউইকশায়ারের হয়ে টি–টোয়েন্টি ব্লাস্টে ৮টি ম্যাচ খেলেছিলেন। পরে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে গ্লোবাল সুপার লিগ ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলার জন্য টুর্নামেন্টের মাঝপথেই তিনি দল ছাড়েন। ইয়র্কশায়ারে যোগ দেওয়ার মধ্য দিয়ে মঈন আলির কাউন্টি ক্যারিয়ারে এটি হবে তৃতীয় অধ্যায়। এর আগে তিনি ওয়ারউইকশায়ার ও উরচেস্টারশায়ারের হয়ে খেলেছেন।

ব্যস্ত ফ্র্যাঞ্চাইজি সূচির অংশ হিসেবে চলতি শীতে তিনি কানাডা সুপার সিক্সটি, আবুধাবি টি–টেন লিগ, আইএলটি-টোয়েন্টি এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশ নিয়েছেন। সামনে পাকিস্তান সুপার লিগ খেলার পর মে মাসে ব্লাস্টে যোগ দেওয়ার কথা তার। এই দলে তার সতীর্থ হতে পারেন জাতীয় দলের সাবেক সতীর্থ ও ঘনিষ্ঠ বন্ধু আদিল রশিদ, ইংল্যান্ডের তারকা উইকেটকিপার-ব্যাটার জনি বেয়ারস্টো প্রমুখ।

ইয়র্কশায়ারে যোগ দিয়ে মঈন বলেন, ‘টি–টোয়েন্টি ব্লাস্টে ইয়র্কশায়ারের হয়ে খেলতে পেরে আমি দারুণ আনন্দিত। এটি ঐতিহ্যবাহী ও বড় একটি ক্লাব। দলের ভবিষ্যৎ পরিকল্পনাই আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছে। স্কোয়াডে অনেক প্রতিভা আছে, আর অ্যান্থনি ম্যাকগ্রাথের সঙ্গে কাজ করার সুযোগটা আমার জন্য রোমাঞ্চকর। হেডিংলিতে খেলতে আমি সব সময় ভালোবাসি। উইকেট, পরিবেশ আর সমর্থকদের ভালোবাসা স্থানটিকে বিশেষ করে তোলে। এটি আমার জন্য এক নতুন চ্যালেঞ্জ। অভিজ্ঞতা দিয়ে দলকে সাহায্য করতে চাই এবং ইয়র্কশায়ারকে প্রতিযোগিতায় এগিয়ে নিতে চাই।’

ইয়র্কশায়ার এখনো টি–টোয়েন্টি ব্লাস্টের শিরোপা জিততে পারেনি। গত মৌসুমে তারা নর্থ গ্রুপে নয় দলের মধ্যে অষ্টম হয়েছিল। ক্লাবের ক্রিকেট মহাব্যবস্থাপক গ্যাভিন হ্যামিল্টন বলেন, ‘মঈন আলি একজন বিশ্বমানের অল-রাউন্ডার। মাঠের ভেতরের পারফরম্যান্সের বাইরেও তার বড় প্রভাব আছে। অভিজ্ঞতা ও নেতৃত্বের দিক থেকে তিনি আমাদের টি–টোয়েন্টি দলকে অনেক শক্তিশালী করবেন।’