নামজারি নিষ্পত্তিতে ১৩ উপজেলার মধ্যে প্রথম ঈশ্বরগঞ্জ

ময়মনসিংহ জেলার ১৩টি উপজেলার মধ্যে নামজারি নিষ্পত্তিতে প্রথমস্থান অধিকার করেছে ঈশ্বরগঞ্জ উপজেলা ভূমি অফিস।

বুধবার (২৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস। উপজেলা ভূমি অফিসে সাফল্য বয়ে আনার পাশাপাশি তিনি ঈশ্বরগঞ্জ পৌরসভার প্রশাসক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, সালাউদ্দিন বিশ্বাস ২০২৫ সালের ২০ জুলাই ঈশ্বরগঞ্জ উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি ভূমিসেবা সহজ করার জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছেন। ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্নভাবে উৎসাহ প্রদানের মাধ্যমে ১০ থেকে ১১ দিনের মাঝে নামজারি নিষ্পত্তি করছেন সালাউদ্দিন বিশ্বাস। প্রতিমাসে ৭০০ থেকে ৮০০ শতাধিক নামজারি আবেদন নিষ্পত্তি করছেন তিনি। এতে যোগদানের ৬ মাসের মধ্যে প্রায় ৫ হাজার নামজারি আবেদন নিষ্পত্তি করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। ফলে ময়মনসিংহের ১৩টি উপজেলার মধ্যে ঈশ্বরগঞ্জ উপজেলা নামজারি নিষ্পত্তিতে প্রথমস্থান অধিকার করেছে। যা ভূমি-সংক্রান্ত প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এছাড়াও ভূমিসেবা সহজ করতে ভূমিসেবা হেল্প ডেস্ক স্থাপন, খাস জমি উদ্ধার, সেবা গ্রহীতাদের জন্য বিশ্রামঘর ও শুনানিঘর নির্মাণ করেছেন এসিল্যান্ড। ফলশ্রুতিতে গত ৬ মাসে নামজারি ও ভূমি উন্নয়ন খাতে সরকার সন্তোষজনক রাজস্ব আদায় হয়েছে।  

আঠারবাড়ি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) রুবেল মাহমুদ বলেন, আমাদের এসিল্যান্ড মহোদয় ভূমিসেবা কার্যক্রমকে গতিশীল ও জনবান্ধব করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। যা সর্বমহলে প্রশংসিত হচ্ছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস বলেন, নিয়মাতান্ত্রিকভাবে ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিতকরণ ও হয়রানি দূরীকরণে সর্বোচ্চ আন্তরিকতার সাথে জনগণের সেবা প্রদানের চেষ্টা করছি। জনগণ, ভূমি অফিসের সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা আমাকে আন্তরিকভাবে সহযোগিতা করছে। ভূমি সেবা সহজে কম সময়ে প্রদান করার জন্য আমার অফিস প্রতিজ্ঞাবদ্ধ।