বিএফইউজে ও ডিইউজে বিবৃতি

অবিলম্বে ১০ম বেতন বোর্ড ঘোষণা ও ৯ম বোর্ড বাস্তবায়নের দাবি

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) গণমাধ্যমকর্মীদের জন্য অবিলম্বে ১০ম বেতন বোর্ড ঘোষণা এবং অন্তর্বর্তীকালীন মহার্ঘ্য ভাতা প্রদানের দাবি জানিয়েছে। এছাড়া, এখনও যেসব প্রতিষ্ঠানে ৯ম বেতন বোর্ড কার্যকর করা হয়নি, সেখানে বকেয়াসহ তা বাস্তবায়নেরও দাবি জানিয়েছে সংগঠন দু’টি।

বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গনি চৌধুরী এবং ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম এক যৌথ বিবৃতিতে বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, বাড়ি ভাড়া বৃদ্ধিসহ দৈনন্দিন জীবনের ব্যয় নির্বাহে সাংবাদিকরা দিশাহীন। বহু বছর আগে ঘোষিত ৯ম বেতন বোর্ড এখনও অনেক সংবাদমাধ্যমে বাস্তবায়িত হয়নি, যা বৈষম্যের সৃষ্টি করেছে।

নেতৃবৃন্দ অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকার সাংবাদিকদের কল্যাণে কোনো কার্যকর উদ্যোগ নেয়নি এবং সাংবাদিকদের জন্য বেতন বোর্ড বাস্তবায়ন কমিটি গঠনের ক্ষেত্রেও কোনো পদক্ষেপ হয়নি। তারা বলেন, “সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতো বেতন-ভাতা বৃদ্ধি সমাজে বৈষম্য সৃষ্টি না করার বিষয়টি নিশ্চিত করতে হবে।”

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে কাজ করছে, কিন্তু তাদের শ্রম ও দায়িত্বকে এখনও যথাযথ মূল্যায়ন করা হয়নি। তাই তারা সরকারের কাছে ১০ম বেতন বোর্ড অবিলম্বে ঘোষণার এবং বকেয়াসহ ৯ম বেতন বোর্ড কার্যকর করার দাবি জানাচ্ছেন।