রাজধানীর ধানমন্ডি ৩ নম্বর রোডে পিঠা বিক্রেতার ছুরিকাঘাতে রনি খন্দকার (৪৭) নামে এক গাড়ি চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে এই ঘটনা ঘটে।
জানা যায়, ভ্যান ভাড়াকে কেন্দ্র করে পিঠা বিক্রেতা ও ভ্যান চালকের মধ্যে হাতাহাতি হলে এক পর্যায়ে পিঠা বিক্রেতা ধারালো ছুড়ি দিয়ে ভ্যান চালক রনিকে আঘাত করে। পরে চিকিৎসাধীন অবস্থায় ধানমন্ডি পপুলার হাসপাতালে মারা যান ওই গাড়িচালক। খবর পেয়ে পুলিশ মঙ্গলবার মধ্যরাতে সেখান থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহজালাল মিয়া প্রতিবেদনে উল্লেখ করেন, নিহত রনি খন্দকারের বাড়ি বাগেরহাটের চিতলমারী উপজেলার শ্যামপাড়া গ্রামে। তার বাবার নাম মৃত আব্দুস সামাদ খন্দকার। থাকতেন হাজারীবাগ বউবাজার পাঁচতলা এলাকায়।
তিনি আরও উল্লেখ করেন, মঙ্গলবার রাতে ধানমন্ডি ৩ নাম্বার রোডে পিঠা বিক্রেতার ভ্যানের ভাড়ার টাকাকে কেন্দ্র করে তাদের মধ্যে হাতাহাতি হয়। এক পর্যায়ে পিঠা বিক্রেতা একটি ধারালো ছুরি দিয়ে রনি খন্দকারের ঘাড়ে আঘাত করে। এতে তার ঘাড়ের মধ্যেই ছুরিটি আটকে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে পপুলার হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি মারা যান রনি খন্দকার।
ময়নাতদন্ত শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।