বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী নাটোর-২ আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শেখ হাসিনা ক্ষমতা কুক্ষিগত রাখতে দিনের ভোট রাতে আর আমি এবং ডামির ভোট করতো। মানুষ আর এমন পাতানো নির্বাচন চায় না। মানুষ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে চায়।
সারাদেশে ধানের শীষের পক্ষে জোয়ার সৃষ্টি হয়েছে। দেশের মানুষ ১২ ফেব্রুয়ারি ধানের শীষের প্রার্থীদের ভোট দিতে মুখিয়ে আছে। দীর্ঘ দিন মানুষ ভোট দিতে পারেনি। তারেক রহমান দেশে এসে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয়ার পর দেশের চিত্র পালটে গেছে। মানুষ তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা রাখছে। আগামী নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় যাবে এবং ৩১ দফার ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠন করবে।
বুধবার (২৮ জানুয়ারি) নাটোর সদরের লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন পথসভা ও গণসংযোগের সময় দুলু এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ফরহাদ আলী দেওয়ান শাহিন, সদর থানা বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মাষ্টার, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, রাসেল আহম্মেদ রনি, শহীদুল্লাহ সোহেল ।