বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেছেন, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও নৈতিক সংবাদ চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে পরিচয়, দায়বদ্ধতা ও পেশাগত নৈতিকতা নিশ্চিত করা অপরিহার্য বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার (২৮ জানয়ারি) চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত "গণমাধ্যমে অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন" বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিল আইন ১৯৭৪ অনুযায়ী গণমাধ্যমের স্বাধীনতা যেমন সংরক্ষিত, তেমনি দায়িত্বশীল আচরণ নিশ্চিত করাও বাধ্যতামূলক। সংবিধানের ৩৯ অনুচ্ছেদে মত প্রকাশের স্বাধীনতা থাকলেও সেই স্বাধীনতা যেন অপব্যবহারে পরিণত নাহয় তা গণমাধ্যম কর্মীদেরকে সচেতন থাকতে হবে।
কর্মশালায় প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশনস (ডিক্লারেশন অ্যান্ড রেজিস্ট্রেশন) অ্যাক্ট, ১৯৭৩ সহ গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন আইন, নীতিমালা ও বাস্তব প্রয়োগ নিয়ে আলোচনা করা হয়। সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, ভুল তথ্য ও গুজব প্রতিরোধ এবং দায়িত্বশীল সংবাদ পরিবেশনের উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
কর্মশালায় বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে, নির্বাচনকালীন সময়ে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ। সংবাদ পরিবেশনে অবশ্যই রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখতে হবে।
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় রিসোর্স পার্সন ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দিন।
আঞ্চলিক তথ্য অফিস, চট্টগ্রামের উপপ্রধান তথ্য অফিসার মোঃ সাঈদ হাসান এতে স্বাগত বক্তব্য রাখেন। বিভিন্ন গণমাধ্যমের প্রায় ৮০জন সাংবাদিক কর্মশালায় র্অংশ নেন।