লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) সংসদীয় আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শাহাদাত হোসেন সেলিম বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে দেশের সব মায়ের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে।
এমনকি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রীর কাছেও এই নির্দিষ্ট কার্ড পৌঁছাবে বলে মন্তব্য করেন তিনি।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে রামগঞ্জ উপজেলার ৩নং ভাদুর ইউনিয়নের সমেষপুর এলাকায় এক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি। এ সময় একটি ফ্যামিলি কার্ড প্রদর্শন করে শাহাদাত হোসেন সেলিম বলেন, বিএনপি সরকার গঠন করলে এই কার্ড দেশের প্রতিটি পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।
ফ্যামিলি কার্ডের সুবিধা সম্পর্কে তিনি বলেন, এই কার্ডের মাধ্যমে প্রত্যেকে মাসে ২ হাজার ৫০০ টাকা করে পাবেন। যারা এই সুবিধা গ্রহণ করবেন না, তাদের বরাদ্দ টাকাও অন্যদের মধ্যে বণ্টন করা হবে।
ফলে একজন উপকারভোগী মাসে ৪ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন। পাশাপাশি কৃষি কার্ড ও স্বাস্থ্য কার্ড সুবিধাও দেওয়া হবে। এসব সুবিধা পেতে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।