গাজীপুরের শ্রীপুরে গ্রেপ্তারিপরোয়ানাভুক্ত আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের দুই সদস্য আহত হন এবং এক পর্যায়ে তারা এলাকাবাসীর দ্বারা অবরুদ্ধ হয়ে পড়েন। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গ্রেপ্তারিপরোয়ানাভুক্ত আসামি টেংরা গ্রামের মো. শামসুদ্দিনের ছেলে আবদুল মতিনকে (৪৫) আটক করতে শ্রীপুর মডেল থানার একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় আসামির স্বজনেরা ও স্থানীয় কয়েকজন ব্যক্তি উত্তেজিত হয়ে পুলিশের ওপর হামলা চালান এবং আসামিকে ছিনিয়ে নিয়ে যান। এতে থানার দুই পুলিশ সদস্য আহত হন।
আহত পুলিশ সদস্যরা হলেন— শ্রীপুর মডেল থানার এএসআই মো. এমদাদ হোসেন ও মো. শহিদুল ইসলাম। তারা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন এবং বর্তমানে দায়িত্বে রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অভিযান চালিয়ে গ্রেপ্তারিপরোয়ানাভুক্ত আসামি আবদুল মতিনকে পুনরায় গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও তিনজনকে আটক করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর মডেল থানার এএসআই মো. এমদাদ হোসেন বলেন, ‘ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গেলে তার স্বজনেরা আমাদের ওপর হামলা চালায়। পরে অতিরিক্ত পুলিশ এসে আমাদের উদ্ধার করে এবং আসামিসহ হামলাকারীদের আটক করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’