প্রতিষ্ঠার শুরু থেকেই ভিন্ন ধারার গান উপহারের দরুন শ্রোতামহলে গ্রহণযোগ্যতা পেয়ে আসছে ‘আইকে মিউজিক স্টেশন’। বাংলা গানকে অন্য এক উচ্চতায় নিয়ে যেতে নিরলস কাজ করে যাচ্ছে কোম্পানিটি। ২০২৪ সালের ১ নভেম্বর যাত্রা শুরু করা এই চ্যানেলটি চেয়ারম্যান ইমদাদ খান এবং গীতিকার ও পরিচালক মুনসুর সানীর অক্লান্ত পরিশ্রমে গানের জগতে ভিন্ন এক মাত্রা যোগ করেছে। শুরু থেকেই বিগ বাজেটের গান উপহার দিয়ে আসছেন তারা। এবার গানের ‘সিজন-ফোর’ নিয়ে আসছে ‘আইকে মিউজিক স্টেশন’। বরাবরের মতো ‘সিজন ফোর’-এও থাকছে দেশের ১৮ জন কণ্ঠশিল্পীর গান। এরই মধ্যে এই চ্যানেলের কিছু গান বেশ সাড়া জাগিয়েছে। গীতিকার মুনসুর সানীর কথায় সুনামগঞ্জের নান্দনিক লোকেশন নিয়ে তৈরি হয়েছে একটি গান। সিলেটের গুণিজনদের নিয়ে ‘শোনোবো বাউলা গান খাওয়াবো সিলেটি পান’ শিরোনামের একটি গানও সাড়া ফেলে বেশ। যে গানে উঠে এসেছে সিলেটের সৌন্দর্য এবং গুণিজনদের নানা গুণের কথা। সুন্দরবনের বিভিন্ন লোকেশন নিয়ে তৈরি করা ‘মধু খাওয়াইয়া করবো তোমায় যাদু’ গানটিও বেশ আলোচনায়।
এ পর্যন্ত এই চ্যানেলের প্রকাশ হওয়া গানের সংখ্যা ৩০টিরও বেশি। রিলিজের অপেক্ষায় রয়েছে আরও দেড়শ গান। ৩০টি গানই লিখেছেন গীতিকার মুনসুর সানী। উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে. ‘সেই যাদুটা আমারে শিখাও’, ‘পাঙ্খিরাজ ঘোড়া’, ‘আমার কাজলা পাখি রে’, ‘সানাই’, ‘একটা ভুল কইরাছি আমি’, ‘ও গো আমার স্দুর মানুষ’, ‘রাইতের কথা দিনের কেন কও’, ‘মধু খাওয়াইয়া করবো তোমায় যাদু’ ইত্যাদি। চ্যানেলের চেয়ারম্যান এবং পরিচালক দুজনেরই ইচ্ছে, গানকে সর্বস্তরের শ্রোতা-দর্শকের কাছে পৌঁছে দেওয়া।