আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিরাপদ, শান্ত ও ভয়মুক্ত রাখতে সুনামগঞ্জ সীমান্তের দুটি আসনের তিনটি উপজেলায় এবার প্রথম এককভাবে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবে বিজিবি। হাওর বেষ্টিত ও দুর্গম এলাকায় একক দায়িত্ব ছাড়াও অন্য বাহিনীর সমন্বয়ে কাজ করবে পুরো জেলায়। পাশাপাশি ৯০ কিলোমিটার সীমান্তের থাকবে ড্রোন নজরদারি। গতকাল বুধবার ২৮ বিজিবি সদর দপ্তরে নির্বাচনী প্রস্তুতি সভায় এসব কথা বলেন ২৮ ব্যাটালিয়ন সুনামগঞ্জ বিজিবির অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির। তিনি বলেন, আগামী ১ ফেব্রুয়ারি থেকে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্ট সব দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে পালনে পূর্ণমাত্রায় মোতায়েন থাকবে বিজিবি। ১০টি উপজেলায় সর্বমোট ২৪ প্লাটুন বিজিবি সড়ক ও নৌপথে উপজেলা ভিত্তিক বেইজ ক্যাম্প স্থাপন করে দায়িত্ব পালন করবে।