রাজধানীর যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ির টয়লেট থেকে এক কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। মারা যাওয়া পুলিশ কনস্টেবল শফিকুল ইসলাম (৪২) যাত্রাবাড়ী ফাঁড়িতে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি চাঁদপুর জেলার মতলব থানার মৌটুপী গ্রামে।
গতকাল বুধবার সকালে যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ির টয়লেট থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু। তিনি বলেন, ফাঁড়ির ওই টয়লেটটি সেভাবে ব্যবহার করা হয় না। সকালে ঝাড়ুদার সেটি পরিষ্কার করতে গিয়ে ওই কনস্টেবলের ঝুলন্ত মরদেহ দেখতে পান। তিনি দড়ি দিয়ে টয়লেটের ভেন্টিলেটরের সঙ্গে ফাঁস নিয়েছেন।
ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই কনস্টেবল আত্মহত্যা করেছেন। রাতে তিনি তার বড় মেয়েকে একটি মেসেজে লিখেছেন, ‘আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না। আমাকে ক্ষমা করে দিও।’ তারপরও আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি। মরদেহ ময়নাতদন্তের জন্য বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সুরতহাল প্রতিবেদন তৈরি করা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কাউসার হোসেন বলেন, বুধবার ভোর রাত সাড়ে ৩টা থেকে সকাল ৮টা ২৫ মিনিটের মধ্যে যেকোনো সময় যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ির ভেতরের টয়লেটে লোহার অ্যাঙ্গেলের সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তার গলায় রশির দাগ রয়েছে। এ ছাড়া শরীরে আর কোনো দাগ নেই। প্রাথমিকভাবে, তিনি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
বুধবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে তার মৃতদেহ প্রথমে রাজারবাগ পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে চাঁদপুরে নিয়ে যাওয়া হবে। বৃহস্পতিবার সকাল দশটার দিকে মরদেহের দাফনের কথা রয়েছে। হতাশা থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করছেন স্বজনরা।