জাহাজ বিল্ডিংয়ে জঙ্গি নাটক

শেখ হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

ঢাকার কল্যাণপুরে ২০১৬ সালের ‘জাহাজ বাড়ি’ হত্যাকাণ্ড সংক্রান্ত মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আরও সাত জনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হয়েছে। প্রসিকিউশন বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ অভিযোগ দাখিল করে।

মামলায় বলা হয়েছে, কল্যাণপুরের ওই জাহাজ বাড়িতে সাজানো জঙ্গি নাটকের সময় ৯ জন নিহত হয়েছিল। এ ঘটনায় অভিযুক্ত হিসেবে নাম আছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহিদুল হক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার আসাদুজ্জামান, পুলিশের এসবি প্রধান মনিরুল ইসলাম ও আরও চার জনের।

প্রসিকিউশনের অভিযোগে বলা হয় , ২০১৬ সালের ২৫ জুলাই রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়ি নামের একটি বাড়িতে ৯ তরুণকে আটকে রাখা হয়। এরপর সোয়াত ও সিটিটিসি গিয়ে তাদের বাসার মধ্যে গুলি করে হত্যা করে। জঙ্গি হত্যা করা হয়েছে বলে তারা প্রচার করে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য ভয়ের সংস্কৃতি তৈরি করতে পুলিশের এই কর্মকর্তারা জঙ্গি নাটক করেছিলেন।

এই ৯ তরুণকে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করে বহু আগে। কেউ কেউ ডিবি হেফাজতে ছিলেন দু-তিন মাস ধরে। সেখান থেকে তাদের ধরে নিয়ে রাতে ওই বাসায় জড়ো করা হয়। পরে রাতের বেলা ব্লক রেইডের কথা বলে সেখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সবাই হাজির হন। সেই লোকদের গুলি করে হত্যা করে জঙ্গি হত্যা করা হয়েছে বলে তারা প্রচার করেন।

সে সময় জঙ্গি নাটক নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। একটি ভয়ের সংস্কৃতি তৈরি করার জন্য ইসলামিক ভাবধারার মানুষদের জঙ্গি নাম দিয়ে হত্যা করা হয়েছে।