বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন

বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে মানুষ নিরাপদে থাকবে

অতীতে বিএনপি বারবার রাষ্ট্রক্ষমতায় ছিল উল্লেখ করে বিএনপি যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী খায়রুল কবির খোকন বলেছেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে মানুষ নিরাপদে থাকবে।

তিনি বলেন, আগামী দিনে আমরা রাষ্ট্রক্ষমতায় গেলে জনগণের প্রতি আমাদের যে আস্থা রয়েছে, সেই আস্থার ভিত্তিতে একটি জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করে জনগণের কল্যাণে কাজ করতে চাই। বিএনপি আগামী দিনে রাষ্ট্রক্ষমতায় গেলে মানুষ নিরাপদে থাকবে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে নরসিংদীর কোর্ট এলাকায় আইনজীবীদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, বিগত সময়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করতে গিয়ে আইনজীবীরা অনেক নির্যাতিত ও অত্যাচারিত হয়েছেন। আজ তাদের সক্রিয় ভূমিকার কারণেই আমরা একটি নতুন বাংলাদেশ ও মুক্ত পরিবেশ পেয়েছি। অতীতে আইনজীবীরা যে ভূমিকা রেখেছেন, সে জন্য এ দেশের জনগণ তাদের শ্রদ্ধা করবে।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি, এ দেশে গণতন্ত্র, আইনের শাসন ও বিচার বিভাগীয় স্বাধীনতা প্রতিষ্ঠা করতে হলে আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

শেষে বিএনপি যুগ্ম মহাসচিব এদেশে যেন কোনো সন্ত্রাস, চাঁদাবাজি, নৈরাজ্য, মাদকসহ কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড না হয় এবং মানুষ যেন তার মৌলিক ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে পারে এ ব্যাপারে খুবই সচেতন রয়েছেন বলে উল্লেখ করেন ।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি সহসভাপতি অ্যাডভোকেট আবদুল বাসেদ ভূইয়া, গোলাম কবির কামাল, নরসিংদী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুল মান্নান ভূঁইয়া, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল মজিদ শিকদার, মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট উম্মে সালমা মায়াসহ আইনজীবীরা।