ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চরশ্রীরামপুর গ্রামে সিএনজি চালিত দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছর। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা একটি সিএনজির সঙ্গে গৌরীপুর থেকে ময়মনসিংহগামী আরেকটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি সিএনজি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।
দুর্ঘটনায় উভয় সিএনজির যাত্রীসহ অন্তত চারজন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন দ্রুত আহত ও নিহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য আতঙ্ক ও যানজটের সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত দুটি সিএনজি রাস্তার পাশ থেকে সরিয়ে নেয়।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।