বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল এবং দলের গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজের প্রকাশ্য সমালোচনা করলেন উরুগুয়ে জাতীয় দলের গোলরক্ষক সের্হিও রোচেত। তিনি বলেন, আর্জেন্টিনার ফুটবলারদের অহংকারী আচরণ তার পছন্দ নয়। অবশ্য তিনি এটাও বলেছেন যে, দিবু মার্তিনেজের দক্ষতা নিয়ে তার মনে কোনো সন্দেহ নেই।
এক সাক্ষাৎকারে দিবু মার্তিনেজের পেনাল্টি নেওয়ার সময় নাচার মতো আচরণ নিয়ে প্রশ্ন করা হলে রোচেত বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি তার আচরণ পছন্দ করি না। তবে গোলরক্ষক হিসেবে সে অসাধারণ। খুব ভালো গোলকিপার, কিন্তু তার কিছু আচরণ আমাকে পুরোপুরি সন্তুষ্ট করে না। অবশ্যই প্রত্যেকের নিজস্ব ব্যক্তিত্ব আছে। কম আলোচনায় থাকা এবং শান্ত থাকাটাই আমার পছন্দ। তার ক্ষেত্রে এটা হয়তো প্রযোজ্য নয়। সেটাই স্বাভাবিক।’
২০২২ বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনা দলের কিছু খেলোয়াড়ের আচরণ নিয়েও সমালোচনা করেন তিনি। রোচেত বলেন, ‘আমি এসব বিষয় পছন্দ করি না। অহংকার আমার ভালো লাগে না। একজন মানুষ হিসেবে আমি চেষ্টা করি এমন না হতে, আর আমার সতীর্থদেরও সেই মানসিকতায় উৎসাহ দিই। শান্ত, বিনয়ী আচরণ উরুগুয়ান হিসেবে আমাদের পরিচিত করে। এ কারণেই দক্ষিণ আমেরিকায় উরুগুয়ানদের সবাই ভালোবাসে।’
রোচেতের মতে, ফুটবলে ব্যক্তিত্ব গুরুত্বপূর্ণ হলেও আচরণে ভারসাম্য থাকা জরুরি। তিনি বলেন, প্রত্যেক খেলোয়াড়ের নিজস্ব স্টাইল থাকতে পারে। তবে বিনয়ী মনোভাবই একজন খেলোয়াড়কে আলাদা করে তোলে। জাতীয় দলের আসন্ন মিশন নিয়ে রোচেত বলেন, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপে উরুগুয়ের প্রতিপক্ষরা বেশ কঠিন। তবে মাঠে নিজের সেরাটা দিতে তিনি মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত।