প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপক ড. সৈয়দ সাদ আন্দালীব সম্পাদিত গবেষণা গ্রন্থ ‘রিইমাজিনিং দা ইউনিভার্সিটি: বেস্ট প্র্যাকটিসেস ফর হায়ার এডুকেশন ইন বাংলাদেশ’-এর মোড়ক উন্মোচন হলো ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে (আইইউবি)।
সোমবার বিকেলে (২৬ জানুয়ারি ২০২৬) আইইউবির ডিএমকে লেকচার গ্যালারিতে আয়োজিত অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে আইইউবি লাইব্রেরি এবং বাংলাদেশ সোসাইটি ফর প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাকাডেমিকস (বিএসপিইউএ)। গ্রন্থটি প্রকাশ করেছে ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল)।
চারটি অধ্যায়ে বিভক্ত গ্রন্থটিতে স্থান পেয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ বেশ কয়েকজন স্বনামধন্য শিক্ষাবিদের রচিত প্রবন্ধ। এই প্রবন্ধগুলোতে নীতিমালা, নেতৃত্ব, ভবিষ্যৎ পরিকল্পনা, টেকসই আর্থিক ব্যবস্থাপনা, গবেষণা অবকাঠামো, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ডিগ্রি প্রদানের প্রয়োজনীয়তা, পাঠদানের মান, আউটকাম-বেসড এডুকেশনসহ বিশ্ববিদ্যালয় পরিচালনের নানা বিষয় ও আঙ্গিক নিয়ে আলোচনা করেছেন বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ স্বনামধন্য শিক্ষাবিদেরা।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মূল বক্তা ছিলেন গ্রন্থটির সম্পাদক যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটির সম্মানীয় ইমেরিটাস অধ্যাপক এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. সাদ আন্দালীব।
এছাড়াও বক্তব্য রাখেন আইইউবির উপাচার্য অধ্যাপক ড. ম. তামিম; নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হান্নান চৌধুরী; বাংলাদেশ সোসাইটি ফর প্রাইভেট ইউনিভার্সিটি একাডেমিকস (বিএসপিইউএ)-এর সভাপতি এবং ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানী; বিএসপিইউএ-এর সহ সভাপতি (রিসার্স অ্যান্ড ইনোভেশন) ও আইইউবির ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মামুন হাবিব এবং ইউপিএলের ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মহিউদ্দিন।
এছাড়াও, বইটি নিয়ে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন আইইউবিএটি’র উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম. আর. কবির, সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম, হামদর্দ ইউনিভার্সিটির সাবেক উপাচার্য অধ্যাপক ড. অধ্যাপক তানভীর আহমেদ খান, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান, সিটি ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. কাজী শাহদাত কবির এবং গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশের উপ-উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন আইইউবির উপ-উপাচার্য অধ্যাপক ড. ড্যানিয়েল ডব্লিউ. লুন্ড। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আইইউবির ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক জেরিন মমতাজ চৌধুরী। আইইউবির ট্রাস্টি, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষকদের পাশাপাশি বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় থেকে আগত অতিথিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।