নওগাঁয় তারেক রহমান

বিএনপি ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ

তারেক রহমান বলেছেন, বেগম খালেদা জিয়ার সরকার কৃষকদের ৫ হাজার টাকা ঋণ মওকুফ আর ১০ হাজার টাকা পর্যন্ত ঋণের সুদ মওকুফ করেছিল। বিএনপি আবার সরকার গঠন করলে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফ করে দিবে।

নওগাঁয় নির্বাচনী প্রচারণা জনসভায় প্রধান অতিথির বক্তেব্যে এ কথা বলেন বিএনপির চেয়ারম্যান।

তিনি বলেন, ধানের শীষের প্রার্থীরা এই এলাকার বিভিন্ন সমস্যা, দাবি নিয়ে এতক্ষণ বক্তব্য দিয়েছেন, আমি শুনেছি। আপনারা আগামী ১২ তারিখ সারাদেশে ধানের শীষের প্রার্থীকে ইনশাআল্লাহ বিজয়ী করলে এই এলাকা এবং জয়পুরহাট জেলা— দুই জেলায় কোথায় কি কি করতে হবে তা বসে বসে চিন্তা করছিলাম। আমি এই দেশে ১৭ বছর থাকতে পারিনি তাই আমার দেখার সম্ভব হয়নি। কিন্তু আপনারা তো ছিলেন। এত যদি দাবি দাওয়া থাকে তাহলে ১৭ বছর হলোটা কি এলাকার। কিছু হয় নাই? কেনো হয় নাই? এই যে আপনারা ১২ তারিখ ভোট দিবেন। ভোট দিয়ে আপনাদের প্রতিনিধি নির্বাচিত করবেন। আপনারা তো চান এমন কাউকে নিবার্চিত করতে যারা আপনাদের সকল সমস্যাগুলো দেখবে। সে জন্য আমরা দেখে শুনে বুঝে জয়পুরহাট থেকে ২ জন এবং নওগাঁ থেকে আমাদের দলের ৬ জনের হাতে ধানের শীষ তুলে দিয়েছি। আপনারা ১২ তারিখ পর্যন্ত তাদের সাথে থাকবেন, নির্বাচিত করবেন। আর ১২ তারিখ নির্বাচিত করলে ইনশাআল্লাহ ১৩ তারিখ থেকে তারা আপনাদের সাথে থাকবে।

তিনি বলেন, নওগাঁ জেলা বাংলাদেশের ধানের ভান্ডার। সবাচাইতে বেশি ধান এই নওগাঁ জেলায় হয়। শহীদ জিয়াউর রহমানের সময় থেকে এই জেলায় বছরে তিনবার ধান চাষ শুরু হয়েছে। বরেন্দ্র প্রকল্প শহীদ জিয়া যখন চালু করলেন আস্তে আস্তে খালেদা জিয়া এটিকে আরও বড় করলেন। তারপর ধীরে ধীরে নওগাঁ বাংলাদেশের সবচেয়ে বড় ধান ভান্ডারে পরিণত হলো। নওগাঁর মতো সারাদেশের প্রাণ হলো আমাদের কৃষক ভাইরা। কৃষকদের যদি আমরা ভালো রাখতে পারি তাহলেই বাংলাদেশ ভালো থাকবে। আমরা এটা মনে প্রাণে বিশ্বাস করি। সেই জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষকদেরকে ঋণ দেওয়ার ব্যাপারে, পানি সেচের ব্যবস্থার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলেন।

তারেক রহমান বলেন, দেশনেত্রী খালেদা জিয়া যখন প্রথমবার সরকার গঠন করল তখন ৫ হাজার টাকা পর্যন্ত সব কৃষি লোন মওকুফ করে দিয়েছিলেন। ১০ হাজার টাকা পর্যন্ত সব কৃষি ঋণের সুদ মওকুফ করে দিয়েছিলেন। আজকে সকালেই আমি রাজশাহীতে ঘোষণা দিয়েছি ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে এই মুহূর্তে যে সকল কৃষক ভাইদের দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ আছে আমরা সেই ঋণ সুদসহ পুরোটা মওকুফ করব ইনশাআল্লাহ।