চৌদ্দগ্রামে ডা. শফিকের আগমনে লক্ষাধিক জনতার সমাগমের প্রত্যাশা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচারণা উপলক্ষে আগামী শনিবার (৩১ জানুয়ারি) সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম এইচ জে সরকারি মডেল পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে জামায়াত ও ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানসহ জোটের শীর্ষ নেতৃবৃন্দ। এদিন জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে প্রত্যাশা করছে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামী।

ডা. শফিকুর রহমানের আগমনকে ঘিরে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াত-শিবিরের নেতাকর্মীসহ উপজেলার সর্বস্তরের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। 

সমাবেশের সার্বিক প্রস্তুতি ও কর্মসূচি সম্পর্কে জানাতে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মু. মাহফুজুর রহমান।

উপজেলা জামায়াতের সেক্রেটারি মু. বেলাল হোসাইনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের চৌদ্দগ্রাম উপজেলা সভাপতি মাওলানা শাহজালাল, পৌর জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ ইব্রাহিম, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি জয়নাল আবেদীন পাটোয়ারী, এনসিপির উপজেলা যুগ্ম সমন্বয়ক মো. মামুন মজুমদার, জামায়াত নেতা ভিপি জাহাঙ্গীর হোসেন, পৌরসভা জামায়াতের সেক্রেটারি মোশাররফ হোসেন ওপেল, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোজাম্মেল হক, উপজেলা উত্তর ছাত্রশিবিরের সভাপতি নাসিম মিয়াজী, পৌর ছাত্রশিবিরের সভাপতি হোসাইন আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী এ জনসভায় সভাপতিত্ব করবেন জামায়াতের নায়েবে আমির ও চৌদ্দগ্রামে জামায়াত মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা এ.টি.এম মাছুম, মাওলানা আবুল হাসানাত মোহাম্মদ আব্দুল হালিম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা, ঢাকসুর ভিপি সাদিক কায়েম এবং কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট মো. শাহজাহানসহ জামায়াত ও জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।