নারীর মর্যাদা, নিরাপত্তা নিশ্চিতে জামায়াতে ইসলামী আপস করবে না এবং ক্ষমতায় গেলে সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীতে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।
জামায়াত আমির বলেন, ‘আমাদের নির্বাচনী জোট জয় পেলে, ১৩ তারিখ থেকেই বাংলাদেশের চেহারা বদলে যাবে।’
জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিরামহীন প্রচারণায় ব্যস্ত জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। আজ সকাল থেকে ঢাকা-১২, ১৪, ১৬ ও ঢাকা ১৭ আসনে জনসভা করেন তিনি। সন্ধ্যায় বনানী কামাল আতাতুর্ক মাঠের জনসভায় তিনি বলেন, ‘জুলাই সনদ স্বাক্ষর করেছে এমন একটি দল এখন সংস্কার নিয়ে চুপ করে আছে।’ তাদের (চুপ থাকা দল) অবস্থান স্পষ্ট করার আহ্বান জানান তিনি। এ ছাড়া শহীদের হত্যাকারীদের বিচার বাংলার মাটিতে হবে বলে আশ্বাস দেন জামায়াত আমির।
এর আগে বিকালে ঢাকা-১৪ আসনের জনসভায় যোগ দিয়ে জামায়াত প্রধান বলেন, ‘নারীদের মর্যাদা, নিরাপত্তা নিশ্চিতে আপস করবে না জামায়াত। সাম্যের বাংলাদেশ গড়তে, যোগ্যতার ভিত্তিতে সবাই কাজ পাবে।’
এর আগে দুপুরে ঢাকা-১২ আসনের প্রার্থী সাইফুল ইসলাম খান মিলনের সমর্থনে কারওয়ান বাজারের জনসভায় যোগ দেন জামায়াত আমির। বলেন, ‘ক্ষমতায় এলে বাজারে সিন্ডিকেট ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে জামায়াত।’
বৃহস্পতিবার সকালে রাজধানীর মিরপুরে নির্বাচনের প্রচারণায় মাল্টিমিডিয়া গাড়ি ও বাস উদ্বোধন করেন জামায়াত আমির।