ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে 'বিএনপি ঠেকাও' চেষ্টা চলছে: জোনায়েদ সাকি

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপি জোটের প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে, বিএনপি ঠেকাও। বাংলাদেশের মানুষ ভোটের অধিকার প্রয়োগ করবে, সেটা আমাদের নিশ্চিত করতে হবে। তা না হলে গণতন্ত্র হবে না। তাহলে আমাদের মধ্যে আবারও বিভক্তি বাড়বে। কাজেই যারা এটা করছে, তারা দেশের অস্তিতত্বে বিরুদ্ধে দাঁড়াচ্ছে।

আজ বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী ইউনিয়নের নয়টি ওয়ার্ডে বিএনপি এবং গণসংহতি আন্দোলনের স্থানীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করে বিভিন্ন পথসভার বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, অনেকে আবার বাঞ্ছারামপুরেও কি করতে নেমেছে, টাকার খেলায় নেমেছে। গীবতে কান দিয়েন না। টাকার খেলায় আপনি আপনার সম্মান-ইজ্জত খোয়াবেন, নষ্ট করবেন? বাঞ্ছারামপুরের মানুষ কি টাকার খেলায় হেরে যাবে। আমরা টাকার খেলায় নামব না। কারণ এই নির্বাচন আমাদের কাছে ইনভেস্টমেন্ট না যে এখানে বিনিয়োগ করে আমি হাজার হাজার টাকা বানাব। আমার কোনও চাওয়া-পাওয়া নাই। বাঞ্ছারামপুরবাসী ও এই শিশুদের ভবিষ্যত নিরাপদ করার জন্যই এই নির্বাচন।

জোনায়েদ সাকি বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আবারও ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পাঁয়তারা হচ্ছে। সবাইকে সতর্ক থাকতে হবে। ভোট এই দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোট ব্যবস্থার কারণে ৫৪ বছর ধরে আমরা ঘুরপাক খাচ্ছি। কাজেই ভোট ব্যবস্থা যাতে কেউ ধ্বংস করতে না পারে আমাদের সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, আমরা নির্বাচন করছি যৌথভাবে। এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে যারা নির্যাতিত হয়েছেন, সমস্ত বিরোধী দলের ওপর নির্বাচন হয়েছে। তার মধ্যে বিএনপি সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন। গুম, খুন, জেলা হামলা, মামলা, নির্যাতন, ক্রস ফায়ারে হত্যা এসব আমরা দেখেছি। জুলাই-আগস্টে কত মানুষ পঙ্গু হয়ে আছে। কত তরুণরা।

তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করতে হলে জনগণের ঐক্য দরকার। যে দেশের জনগণ বিভক্ত সেদেশ দখল হয়ে যাচ্ছে। রাতের আঁধারে প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাচ্ছে। আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। সেটা যদি করতে হয়, তাহলে একটা জিনিস লাগবে ন্যায় বিচার, আরেকটা লাগবে গণতান্ত্রিক ব্যবস্থা।

জোনায়েদ সাকি বলেন, অনেকেই তো দেখছি গীবত শুরু করে দিয়েছেন। আমি কারও বিরুদ্ধে গীবত গাইতে চাই না, কারও বিরুদ্ধে কথা বলতে চাই না। যারা আমাদের বিরুদ্ধে গীবত করছে গীবতে কান দিয়েন না। আমরা বাঞ্ছারামপুরকে বদলে দিতে চাই। জোনায়েদ সাকি বাঞ্ছারামপুর বাসীকে উন্নত ও নিরাপদ বাঞ্ছারামপুর গঠনে মাথাল মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।