দোকানিকে গুলি শ্রমিককে ছুরিকাঘাত করে ছিনতাই

রাজধানীতে পৃথক ঘটনায় এক মুদি দোকানিকে গুলি করে ও এক নির্মাণশ্রমিককে ছুরিকাঘাত করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ দোকানির নাম মোহাম্মাদ হোসেন দীপু (৪৬) ও ছুরিকাহত শ্রমিকের নাম মো. লিটন (২৮)। গতকাল বৃহস্পতিবার ভোরে মিরপুর ১২ নম্বর সেকশনে ও খিলক্ষেতে এ ঘটনা দুটি ঘটে। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধ হওয়া দীপু জানান, ভোরে মিরপুর ১২ নম্বর সেকশনের ই-ব্লকের ৫ নম্বর রোডের বাসার সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় কিছুটা দূরে একটি মোটরসাইকেল এসে থামে। মোটরসাইকেলে তিনজন ছিল। তারা ধীরে ধীরে কাছে আসে। তখনো বুঝতে পারেননি তারা ছিনতাইকারী। কাছে এসেই একজন ছুরি বের করে বলে, সঙ্গে যা আছে সব বের করে দিতে। তখন তারাই পকেট থেকে মানিব্যাগ বের করে নেয়। এরপর মোবাইল ফোন নেওয়ার সময় বাধা দিলে প্রথমে হাতাহাতি হয়। এরপর পেছন থেকে একজন গুলি করে দেয়। মানিব্যাগে থাকা ১৭ হাজার টাকা নিয়ে গেছে। চিকিৎসকরা জানিয়েছেন, গুলিটি পায়ের অন্য পাশ দিয়ে বেরিয়ে গেছে।

এদিকে ভোরে খিলক্ষেতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত লিটনের সহকর্মী মো. মহসিন ইসলাম জানান, তারা নারায়ণগঞ্জের রূপগঞ্জে জলসিঁড়ি আবাসন প্রকল্পের নির্মাণশ্রমিক। লিটনের বাড়ি দিনাজপুর। রাতে গ্রাম থেকে কাজে ফিরছিলেন লিটন। ভোররাত ৪টার দিকে খিলক্ষেত বাসস্ট্যান্ডে নামার পর রেললাইনের পাশে তিনজন ছিনতাইকারী তার সামনে এসে দাঁড়ায়। ছুরি ঠেকিয়ে তার ব্যাগ, পকেট হাতাতে থাকে। বাধা দিতে গেলে তার বাম কাঁধে পরপর তিনবার ছুরিকাঘাত করে ৫০০ টাকা আর মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, গুলিতে ও ছুরিকাঘাতে আহত দুজনই হাসপাতালে ভর্তি রয়েছেন।