হত্যা মামলা

একজনের মৃত্যুদন্ড ৮ জনের যাবজ্জীবন

২৫ বছর আগে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জমিজমার বিরোধ কেন্দ্র করে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার মামলায় এক আসামিকে মৃত্যুদন্ড এবং আরও আট আসামিকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। একই রায়ে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম বিভাগীয় দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক মো. জাহিদুল হক এ রায় দেন। রায়ে আসামি মনিরুল হককে মৃত্যুদন্ড দেওয়া হয়েছে। আর যাবজ্জীবন দন্ডিতরা হলেন, সাইফুল হক, বদরুল হক, আজিজুল হক, আবদুল রাজ্জাক, মো. রফিক, ছৈয়দুল হক, বাবুল হক ও মো. হাছান। দন্ডিতদের সবার বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বোয়ালিয়া গ্রামে।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিভাগীয় দ্রুতবিচার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) এস ইউ এম নুরুল ইসলাম। মামলার নথি থেকে জানা গেছে, ২০০০ সালের ৭ জুলাই আনোয়ারা উপজেলার বোয়ালিয়া গ্রামের বাসিন্দা নুর আহম্মদ ও নুরুল আনোয়ারকে কিরিচ দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে আসামিরা। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নুর আহম্মদকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আহত নুরুল আনোয়ারের বড় ভাই মো. নাসিম ১১ জনের বিরুদ্ধে আনোয়ারা থানায় হত্যা মামলা করেন। মামলায় উল্লেখ করা হয়, ঘটনার দিন নাসিমের কেনা একটি জমিতে ঘাস পরিষ্কার করছিলেন তার নিয়োগ করা কয়েকজন দিনমজুর। আসামিরা এতে বাধা দেওয়ার উদ্দেশ্যে পূর্বপরিকল্পিতভাবে জমির কাছে গিয়ে আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছুড়তে শুরু করে। গুলির শব্দ শুনে ভাই নুরুল আনোয়ার ও প্রতিবেশী নুর আহম্মদ সেখানে ছুটে যান। তখন আসামিরা তাদের কুপিয়ে আহত করে।