ইউরোপা লিগের ম্যাচে গুরুতর চোটে পড়েছেন ফেয়েনুর্দের তরুণ ফুটবলার শাকিল ভ্যান পার্সি। রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচে খেলতে নেমে ডান পায়ে মারাত্মক আঘাত পান তিনি। ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তার বাবা ও ফেয়েনুর্দের কোচ রবিন ভ্যান পার্সি।
১৯ বছর বয়সী শাকিল ম্যাচের ৭৩ মিনিটে মাঠে নামেন এবং ক্যাসপার টেংস্টেডের ২-১ গোলে সহায়তা করেন। তবে মাত্র ১০ মিনিট পরই অস্বাভাবিকভাবে পড়ে গিয়ে গুরুতর চোট পান । পড়ে যাওয়ার সময় তার হাঁটু উল্টো দিকে বেঁকে যায়। তীব্র যন্ত্রণায় কাতর শাকিলকে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়।
ঘটনার পর মাঠের পাশে ছুটে যান রবিন ভ্যান পার্সি। ম্যাচ শেষে তিনি বলেন, 'অবস্থা ভালো মনে হচ্ছে না। পরীক্ষা-নিরীক্ষার পরই নিশ্চিতভাবে বলা যাবে, তবে প্রাথমিক লক্ষণ ভালো নয়।'
ছেলের চোট নিয়ে আবেগাপ্লুত হয়ে সাবেক আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেড তারকা আরও বলেন, 'কোনো খেলোয়াড় আহত হলে হৃদয় কেঁপে ওঠে। আজ সেটা আমার ছেলের সঙ্গে ঘটেছে। ভালো কিছুর আশা করি, কিন্তু যখন শুনি পরিস্থিতি ভালো নয়—তা সত্যিই হৃদয়বিদারক।'
তিনি আরও জানান, কোচ হিসেবে নয়, বাবা হিসেবেই তিনি এই মুহূর্তে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন, 'আমি একজন কোচ, আবার একজন বাবা। এই পরিস্থিতি আমার জন্য ভয়াবহ। এটা সত্যিই হৃদয়বিদারক।'
উল্লেখ্য, চলতি মৌসুমে ফেয়েনুর্দের হয়ে সিনিয়র দলে অভিষেক হয়েছে শাকিল ভ্যান পার্সির। সম্প্রতি স্পার্টা রটারডামের বিপক্ষে ম্যাচে দুই মিনিটের ব্যবধানে ব্যাকহিল ও বাইসাইকেল কিকে গোল করে আলোচনায় এসেছিলেন তিনি।