চ্যাম্পিয়ন্স লিগ নক-আউট পর্বের ড্র আজ; কখন, কীভাবে দেখবেন?

২০২৫-২৬ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্ব শেষ হয়েছে। নাটকীয় শেষ সপ্তাহের পর ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় টিকে থাকা ২৪টি দলের নাম নিশ্চিত হয়েছে। আজ ৩০ জানুয়ারি বাংলাদেশ সময় বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে নক-আউট প্লে-অফ পর্বের ড্র।

সুইজারল্যান্ডের নিয়ন শহরে উয়েফার সদর দপ্তর ‘হাউস অব ইউরোপিয়ান ফুটবল’ –এ অনুষ্ঠিতব্য এই ড্র অনুষ্ঠানে অংশ নেবে মোট ১৬টি দল। লিগ পর্বে ৯ম থেকে ১৬তম স্থানে থাকা দলগুলো বাছাই হিসেবে গণ্য হবে আর ১৭তম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো হবে অবাছাই। লিগ পর্বের শীর্ষ ৮ দল সরাসরি শেষ ষোলোতে জায়গা পেয়েছে। আর ২৫তম থেকে ৩৬তম স্থানে থাকা দলগুলো বাদ পড়েছে।

নতুন সিডিং পদ্ধতির কারণে লিগ পর্বে তুলনামূলক ভালো করা দলগুলো একে অপরের মুখোমুখি হবে না। প্রতিটি জোড়ায় একটি বাছাই ও একটি অবাছাই দল মুখোমুখি হবে। প্রথমে অবাছাই দলগুলো ড্র হবে, এরপর বাছাই দলগুলো যুক্ত হবে। বাছাই দলগুলো দ্বিতীয় লেগ খেলবে নিজেদের মাঠে। এই পর্বে একই দেশের দলগুলোর মুখোমুখি হওয়ার সম্ভাবনাও আছে। এমনকি লিগ পর্বে মুখোমুখি হওয়া দলগুলিও আবার খেলতে পারে।

ড্রয়ের পর ফেব্রুয়ারিতে দুই লেগে নকআউট প্লে-অফ ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর শেষ ষোলোর ড্র হবে ২৭ ফেব্রুয়ারি। বাংলাদেশ থেকে উয়েফার ওয়েবসাইট, অ্যাপ ও সনি স্পোর্টস টেন চ্যানেলে দেখা যাবে ড্র অনুষ্ঠান।

বাছাই দল: রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান, পিএসজি, নিউক্যাসল, জুভেন্টাস, আতলেতিকো মাদ্রিদ, আতালান্তা, লেভারকুসেন।

অবাছাই দল: বরুসিয়া ডর্টমুন্ড, অলিম্পিয়াকোস, ক্লাব ব্রুগা, গালাতাসারাই, মোনাকো, কারাবাগ, বোডো/গ্লিমট, বেনফিকা।