মসজিদে নববিতে ‘স্মার্ট কমান্ড সেন্টার’ চালু

আসন্ন পবিত্র রমজান ও হজ মৌসুমকে সামনে রেখে মদিনার মসজিদে নববিতে আগত মুসল্লিদের সেবার মান বৃদ্ধিতে একটি অত্যাধুনিক ‘স্মার্ট ইঞ্জিনিয়ারিং সেন্টার ফর কমান্ড অ্যান্ড কন্ট্রোল’ চালু করা হয়েছে।

সম্প্রতি সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ও দুই পবিত্র মসজিদের জেনারেল অথরিটির চেয়ারম্যান ড. তৌফিক আল-রাবিয়াহ আনুষ্ঠানিকভাবে এই সেন্টারের উদ্বোধন করেন। খবর আরব নিউজ

মদিনায় আগত লাখ লাখ মুসল্লির নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করাই এই সেন্টারের মূল লক্ষ্য।

প্রতিবেদনে বলা হয়, প্রায় ৩১৫ বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই কমান্ড সেন্টারে প্রায় ২২টি বিশালাকার ওয়াল-মাউন্টেড ডিসপ্লে স্ক্রিন স্থাপন করা হয়েছে। এটি একটি কেন্দ্রীয় হাব হিসেবে কাজ করবে, যার মাধ্যমে মসজিদে নববীর সকল সম্পদ, সেবার মান ও দর্শনার্থীদের প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে। উন্নত অপারেশনাল প্ল্যাটফর্মের মাধ্যমে এই সেন্টারে যুক্ত করা হয়েছে স্মার্ট নোটিফিকেশন সিস্টেম, কমপ্লায়েন্স মনিটরিং টুলস ও পারফরম্যান্স অ্যানালিটিক্সের মতো আধুনিক প্রযুক্তি।

এটি মসজিদের বিদ্যুৎ, পানি, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ও ভিড় ব্যবস্থাপনাকে আরও গতিশীল করবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষ কারিগরি কর্মীদের তত্ত্বাবধানে চার শিফটে এই সেন্টারটি দিন-রাত ২৪ ঘণ্টা চালু থাকবে। বিশেষ করে রমজান ও হজের সময় যখন মদিনায় জনসমাগম বহুগুণ বেড়ে যায়, তখন যেকোনো যান্ত্রিক ত্রুটি বা জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলায় এই সেন্টার কার্যকরী ভূমিকা রাখবে।