অস্কারে আমন্ত্রণ পেলেন আল কাছির

বিশ্বে চলচ্চিত্র শিল্পের অন্যতম মর্যাদাপূর্ণ ও আলোচিত পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ড (অস্কার)। গত ২২ জানুয়ারি ৯৮তম অস্কার আসরের মনোনয়ন তালিকা ঘোষণা করা হয়েছে। আগামী ১৬ মার্চ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে এই উৎসবের চূড়ান্ত আসর বসবে।

উৎসবে বিশ্বের নানা দেশের সেরা চলচ্চিত্র বোদ্ধা ও সাংবাদিকরাও হাজির হবেন। তবে বাংলাদেশ থেকে এবারই প্রথম কোনো সাংবাদিক সরাসরি অস্কার অ্যাওয়ার্ড কাভার করার আনুষ্ঠানিক আমন্ত্রণ পেলেন। ফলে আন্তর্জাতিক অঙ্গনে দেশের গণমাধ্যম গুরুত্বপূর্ণ মাইলফলক ছুঁয়েছে বলে মনে করা হচ্ছে।

ইতোমধ্যে অস্কার এ্যাক্রেডিটেশন বিভাগ থেকে আমন্ত্রণের বিষয়টি সাংবাদিক আল কাছির নিজেই একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। 

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কাভারেজের আগেও সাংবাদিক আল কাছিরের বেশ কিছু উল্লেখযোগ্য সাফল্য রয়েছে। ২০২২ সালে তিনি আমন্ত্রিত সাংবাদিক হিসেবে ৭৫তম কান চলচ্চিত্র উৎসব কাভার করেন। একই বছর তিনি ৩৫তম টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবও কাভার করেন। এরপর তিনি সাংহাই চলচ্চিত্র উৎসব, সৌদি আরবের রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ও নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কাভার করেছেন।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ও টেলিভিশন এন্টারটেইনমেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বরত আল কাছির দেশের দশম সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল স্টার নিউজে সিনিয়র করেসপন্ডেন্ট হিসেবে কর্মরত আছেন।