ব্যাট আনতে ভুলে গিয়েছিলেন ডি কক; অন্যের ব্যাটেই হাঁকালেন বিস্ফোরক সেঞ্চুরি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২২১ রান তাড়া করতে নেমে ১৫ বল হাতে রেখেই ৭ উইকেটের বড় জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। রান তাড়ায় ১১৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন কুইন্টন ডি কক। কিন্তু ম্যাচ শেষে তিনি জানান, নিজের ব্যাট মাঠে নিয়ে আসতে ভুলে গিয়েছিলেন! অন্যের ব্যাট দিয়েই কচুকাটা করেছেন ক্যারিবিয়ান বোলারদের।

ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, মাঠের উদ্দেশে টিম বাস ছাড়ার পর ডি কক বুঝতে পারেন, নিজের ব্যাটগুলো সঙ্গে আনতে ভুলে গেছেন! ডি ককের ভাষায়, ‘আমি যখন বিষয়টা বুঝলাম, নিজেকে একটু বোকা মনে হচ্ছিল। নতুন কিট ব্যাগ ব্যবহার করছি। সবকিছু তন্ন তন্ন করে খুঁজছিলাম। হঠাৎ বুঝতে পারি যে, ব্যাট নেই! বাস ছাড়ার আধা ঘণ্টা আগে কয়েকটি ফোন কল আসায় হয়তো এই ভুলটা হয়ে গেছে।’

খেলার সময় ঘনিয়ে আসায় ডি ককের ব্যাট আর মাঠে আনা সম্ভব হয়নি। তাই তাকে বাধ্য হয়ে সতীর্থ ডিওয়াল্ড ব্রেভিসের ব্যাট ধার নেন। ডি কক বলেন, ‘ড্রেসিংরুমে ঢুকে আমি ব্রেভিস আর রিকেলটনের কিট ব্যাগ দেখছিলাম। হঠাৎ ব্রেভিসের ব্যাগ থেকে একটি ব্যাট তুলে নিয়ে বললাম- আজ এটা দিয়েই খেলব। ব্রেভিস বলল, এটা নাকি বাঁহাতিদের জন্য ভালো ব্যাট! আমি অবাক হয়ে ভাবলাম— এখনকার তরুণরা কত কিছুই না ভাবে!’

ব্রেভিসের ব্যাট দিয়েই ডি কক তার ৪৯ বলে ১১৫ রানের ইনিংসে হাঁকান ৬টি চার ও ১০টি ছক্কা। তুলে নেন তার দ্বিতীয় টি-টোয়েন্টি সেঞ্চুরি, যা তার ক্যারিয়ারসেরা ইনিংসও বটে। তার সঙ্গী রিকেলটনও ৩৬ বলে ৭৭ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। ডি কক ও রায়ান রিকেলটনের দ্বিতীয় উইকেটে ১৬২ রানের জুটি দক্ষিণ আফ্রিকার জয়ের ভিত গড়ে দেয়। পরে রিকেলটন ও জেসন স্মিথ দলের সিরিজ জয় নিশ্চিত করেন।

তবে এমন ইনিংসের পরও সন্তুষ্ট নন ডি কক, ‘আমার নিজের ব্যাট ফিরে পেলে সেটাই ব্যবহার করব। সত্যি বলতে, (ব্রেভিসের) ওই ব্যাটটা আমি খুব একটা উপভোগ করিনি। ওটার ওজন আমার জন্য ঠিক ছিল না। এটা আসলে তরুণদের জন্য। উইকেট খুব ভালো ছিল, তাই ব্যাটিংও সহজ ছিল। তবে টি-টোয়েন্টিতে অনেক সময় আমাকে আরও কঠিন পরিস্থিতিতে রান করতে হয়েছে, যা আমাকে বেশি তৃপ্তি দেয়।’